রপ্তানি ঋণের সুদ হার কমেছে
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদ হার কমানো হয়েছে। ছয় মাসের জন্য তা হবে লন্ডনে আন্তব্যাংক সুদ হার (লাইবর) ও ১ দশমিক ৫০ শতাংশ। এতে ইডিএফ ঋণের সুদ ১ শতাংশ কমছে।
বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ১০০ কোটি ডলারের ইডিএফ রয়েছে। ব্যাংকগুলো এত দিন এই তহবিল থেকে লাইবর ও ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহককে লাইবর ও ২ দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ দিত। এখন লাইবর ও দশমিক ৫০ শতাংশ সুদে নিয়ে ব্যাংক গ্রাহককে দেবে লাইবর ও ১ দশমিক ৫০ শতাংশ সুদে।
এ ছাড়া ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পোশাকশিল্পের ঋণ পুনঃতফসিল ও সুদ স্থগিতের আবেদন অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই ও বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর ইডিএফে সুদ কমানোর সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আনিসুল হক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, খেলাপি ঋণ পুনঃতফসিল ও সুদ স্থগিতের ক্ষেত্রে কোনো ব্যাংকের পর্ষদ সুনির্দিষ্টভাবে অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব করলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে নীতিমালাতে কোনো পরিবর্তন করা হবে না। ব্যাংক-গ্রাহক সম্পর্কে ভিত্তিতে সুনির্দিষ্ট গ্রাহকের ক্ষেত্রে এটা করা হতে পারে।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, চলমান সহিংস পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অবস্থার উত্তরণে সবার সহায়তা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক কিছু বিষয়ে সুবিধা দিতে রাজি হয়েছে। আরও কিছু বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে।