রপ্তানি ঋণের সুদের হার কমেছে
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদের হার কমানো হয়েছে। আগামী ছয় মাসের জন্য তা হবে লন্ডনে আন্তব্যাংক সুদের হার (লাইবর) এবং ১ দশমিক ৫০ শতাংশ। এতে ইডিএফ ঋণের সুদ ১ শতাংশ কমছে।
বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ১০০ কোটি ডলারের ইডিএফ রয়েছে। ব্যাংকগুলো এতদিন এই তহবিল থেকে লাইবর ও ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহককে লাইবর ও ২ দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ দিত। এখন লাইবর ও দশমিক ৫০ শতাংশ সুদে নিয়ে ব্যাংক গ্রাহককে দেবে লাইবর ও ১ দশমিক ৫০ শতাংশ সুদে। বর্তমানে লাইবর হলো দশমিক ৩৪ থেকে দশমিক ৪০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠকে গতকাল এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর ইডিএফে সুদ কমানোর সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আনিসুল হক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, খেলাপি ঋণ পুনঃ তফসিল ও সুদ স্থগিতের ক্ষেত্রে কোনো ব্যাংকের পর্ষদ সুনির্দিষ্টভাবে অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব করলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে নীতিমালাতে কোনো পরিবর্তন করা হবে না। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুনির্দিষ্ট গ্রাহকের ক্ষেত্রে এটা করা হতে পারে।