রপ্তানি কোটা দিতে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র পোশাকশিল্পের মালিকেরা রপ্তানির কোটা পেতে পারেন। কেন্দ্রীয় ব্যাংক ভারতে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওই কোটা প্রদানের সুপারিশ করেছে সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, সৈয়দপুরের তৈরি পোশাক-উদ্যোক্তারা সারা দেশে মডেল হিসেবে কাজ করছেন। অনেকটা নিভৃতে সীমিত সাধ্যের মধ্যে এখানকার উদ্যোক্তারা ভারতে তৈরি পোশাক রপ্তানি করে চলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রথম আলোয় ২৩ জুলাইয়ে এ-সংক্রান্ত প্রতিবেদন দেখে সৈয়দপুরের ওই সাফল্যের কথা জানতে পারেন। পরে গভর্নরের আমন্ত্রণে সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র পোশাকশিল্প মালিক সমিতির নেতারা ঢাকায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারের কাছে রপ্তানির কোটা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরীর লেখা এক চিঠিতে ভারতে রপ্তানির বিদ্যমান কোটার একটি অংশ সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস উদ্যোক্তাদের বরাদ্দের জন্য বলা হয়েছে। সুকোমল সিংহ গতকাল প্রথম আলোকে জানান, সৈয়দপুরকে রপ্তানির ক্ষেত্রে কোটা দেওয়া হলে ওই এলাকায় গার্মেন্টস খাত উদ্ভাসিত হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর শিগগিরই সরেজমিনে সৈয়দপুর সফর করবেন বলেও তিনি জানান। এ-সংক্রান্ত সুপারিশ গভর্নর স্বয়ং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছেও করেছেন। সে সূত্র ধরে বাণিজ্য মন্ত্রণালয় কোটা বরাদ্দের বিষয়টি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।এ ব্যাপারে সৈয়দপুরের গার্মেন্টস-উদ্যোক্তাদের সংগঠন রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান জানান, ‘সৈয়দপুর থেকে মূলত তৈরি পোশাক ভারত, নেপাল ও ভুটানে যায়। এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে সেখানে। কিন্তু আমরা ক্ষুদ্র রপ্তানিকারক। তাই আমাদের পক্ষে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য হওয়া সম্ভব নয়। কেননা, এতে বিপুল পরিমাণ সদস্য ফি জমা দিতে হয়। ফলে বিদ্যমান অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ অবস্থায় সম্প্রতি ভারতে আমাদের রপ্তানিও কমে গেছে।’ সমিতির সভাপতি মো. আখতার হোসেন খান জানান, ব্যাংকিং পৃষ্ঠপোষকতা ও কোটা পেলে সৈয়দপুরের এ শিল্পে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এ শিল্পে ব্যাপক বিনিয়োগ ঘটবে এবং কর্মসংস্থান বাড়াবে। সৈয়দপুরের ব্যাংক ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল বারী বলেন, বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র গার্মেন্টস শিল্পের জন্য এতটা করবে, এটা বিস্ময়ের ব্যাপার। সৈয়দপুরের জন্য রপ্তানি কোটা বরাদ্দের সুপারিশ করায় তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।