ভারতে বছরে পাঁচ লাখ পিস পোশাক রপ্তানির কোটা দাবি করেছে সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতি। সেই সঙ্গে এই সমিতি সৈয়দপুরে একটি পোশাকপল্লি গড়ে তোলারও দাবি জানায়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা এ দাবি জানায়। সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোফাজ্জল হোসেন।মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আমিনুল ইসলাম আখন্দ, সৈয়দপুর ব্যাংক ব্যবস্থাপক ফোরামের সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপক ইকরামুল বারী, সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আরশাদ পাপ্পু, সহসভাপতি রেয়াজ আলম বাবু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বক্তব্য দেন। এ ছাড়া সৈয়দপুরে ব্যবসারত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২২টি শাখার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান সরকারি পৃষ্ঠপোষকতার ওপর জোর দিয়ে জানান, সুযোগ-সুবিধা পেলে কেবল ভারত, নেপাল ও ভুটানই নয়, বরং ইউরোপ-আমেরিকাতেও তাঁরা তৈরি পোশাক রপ্তানিতে ভূমিকা রাখতে পারবেন।