
পোশাক কারখানার কর্মপরিবেশের অজুহাতে অন্যায্যভাবে জিএসপি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশকে চাপে রাখার উদ্দেশ্যেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমাদের মোট রপ্তানি পণ্যের মাত্র ২১ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। এর মধ্যে আবার ৮৭ শতাংশই তৈরি পোশাক। তা ছাড়া যেসব রপ্তানি পণ্য জিএসপি সুবিধা পায়, সেগুলোর মূল্য ও পরিমাণ কোনোটাই উল্লেখযোগ্য নয়। তাই জিএসপি স্থগিতে দেশের রপ্তানি খাত খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।
সমস্যাটা যেটা হবে, যেসব উদ্যোক্তা জিএসপি সুবিধা নিয়ে রপ্তানি করেন তাঁদের মুনাফা কমে যাবে। কারণ, আমদানিকারকেরা তখন কম মূল্যে পণ্য কেনার দাবি করতে পারেন। কিন্তু জিএসপি সুবিধা পাওয়া পণ্যগুলো যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের পরও অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রভাবিত হওয়ার কোনো আশঙ্কা আমরা করছি না। কারণ, ইইউ বাংলাদেশ থেকে পণ্য নিতে চায়। তাদের মতে, জিএসপি স্থগিত কিংবা পণ্য না নেওয়া কোনো সমাধান নয়, বরং এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নেই জোর দিচ্ছে বেশি।
শুভাশীষ বসু: ভাইস চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)