
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সম্প্রসারণে সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণসহ রাষ্ট্রীয় প্রণোদনাও থাকতে হবে। এ খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগেরও প্রয়োজন। এসব করা গেলে এসএমই পণ্যই রপ্তানি খাতের বিকল্প পণ্য হিসেবে তৈরি হবে।
গতকাল সোমবার দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। ‘ষষ্ঠ এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোচনার আয়োজন করেছে। রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত গতকালের আলোচনার বিষয় ছিল—রপ্তানি খাতের বিকল্প হিসেবে এসএমই খাতের উন্নয়ন: অগ্রাধিকার ও ভবিষ্যৎ পন্থা।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, বিকল্প রপ্তানি খাত হিসেবে এসএমইকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক স্বল্প সুদে এ খাতের জন্য পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে। এসএমই খাতে পুনঃ অর্থায়নে সারা বিশ্বে বাংলাদেশ এখন অনুসরণীয়। আবার অঞ্চলভিত্তিক পণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন—বগুড়ার কলা ও পার্বত্য চট্টগ্রামে জুমচাষ।
এস কে সুর চৌধুরী আরও বলেন, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, চামড়া, হালকা প্রকৌশল ও গ্রাফিক নকশা—এই পাঁচটি খাতে নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এসএমই সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, এসএমই সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ জন্য জনগণকে তথ্য জানাতে হবে। এ খাতের সাফল্যের খবরগুলো প্রকাশ করে উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সবজি উৎপাদনকারী দেশ। মাছ উৎপাদনে ভালো করছে বাংলাদেশ। শিল্পগোষ্ঠী প্রাণ-এর কথা উল্লেখ করে তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে অর্থায়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে বাংলাদেশ ব্যাংক কাজ করতে পারে।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ বলেন, উদ্যোক্তারা কী চান, এটা নীতিনির্ধারকেরা বুঝতে চান না। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কৃত্রিম ফুল তৈরির ব্যবসা একসময় জমজমাট ছিল। সেই ফুলের ওপর শিশির ফোঁটার প্রযুক্তি আনার জন্য সংশ্লিষ্ট সংস্থায় আবেদন করেছিলাম। অনুমতি পেতে অনেক সময় পার হয়ে যায়। কিন্তু তত দিনে সেই ফ্যাশনই চলে যায়। তাই রাষ্ট্রযন্ত্রকে বাস্তববাদী হতে হবে।’
সেলিমা আহমাদ আরও বলেন, ‘সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে দেখেছি, বড় বড় প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করছে না। কিন্তু ছোট ও নারী উদ্যোক্তারা ঋণ পরিশোধে বেশ সতর্ক থাকেন।’
এ প্রসঙ্গে মতিউর রহমান বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে ৫৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন চেষ্টা করছে। কিন্তু খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি করার এখনো সুযোগ রয়েছে।
বিদেশে পণ্যের প্রচার-প্রচারণার সমস্যা তুলে ধরে গ্রাফিক পিপল-এর পরিচালক নাজিম ফারহান চৌধুরী বলেন, ‘বিদেশে যেকোনো পণ্য রপ্তানি করতে গেলে বাজারজাতকরণ, প্রচার-প্রচারণার প্রয়োজন হয়। কিন্তু বৈদেশিক মুদ্রানীতির কারণে আমরা বিদেশে অর্থ নিতে পারি না। এ জন্য আমার কোম্পানি পণ্য বাজারজাতকরণ, প্রচারণা ও বিক্রির জন্য ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে কাজ করছে। তাতে মুনাফার বড় অংশ ওই কোম্পানিকে দিয়ে দিতে হয়।’
উদ্যোক্তাদের উদ্দীপনা প্রসঙ্গে ব্রেইনস্টেশন-২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির বলেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে এ দেশের উদ্যোক্তারা থমকে দাঁড়াননি। তাঁরা সামনের দিকে এগিয়ে গেছেন। এটাই অনুপ্রেরণা। তিনি আরও বলেন, ‘সরকার যদি এসএমই খাতকে অগ্রাধিকার খাত হিসেবে স্বীকৃতি না দেয়, তবে আমরা পিছিয়ে পড়ব।’
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঁসোয়া দ্য মেরিকোর্ট বলেন, ‘রপ্তানি খাতই অর্থনীতিকে সুসংহত করেছে। তৈরি পোশাক খাত বাংলাদেশের একটি সাফল্য। বর্তমানে বছরে আড়াই হাজার কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। ২০২১ সালের মধ্যে তা দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। এটা চ্যালেঞ্জিং, কিন্তু অর্জনযোগ্য। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।’
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান। এ ছাড়া বিভিন্ন শ্রেণির পেশাজীবীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।