রপ্তানি খাতে সিআইপি ১৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে রপ্তানি খাতের সিআইপি কার্ডপ্রাপ্ত রপ্তানিকারকদের একাংশ l প্রথম আলো
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে রপ্তানি খাতের সিআইপি কার্ডপ্রাপ্ত রপ্তানিকারকদের একাংশ l প্রথম আলো

দেশের ১৪৭ জন ব্যবসায়ী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেলেন। পণ্য রপ্তানি করে এবং বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে তাঁদের এই মর্যাদা দিল বাণিজ্য মন্ত্রণালয়।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে গতকাল বুধবার সিআইপিদের হাতে কার্ড তুলে দেওয়া হয়। ২০১২ সালের জন্য তাঁদের সিআইপি (রপ্তানি) মর্যাদা দেওয়া হয়েছে। রাজধানীর রেডিসন হোটেলে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সিআইপি মর্যাদার ব্যক্তিরা সাত ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। তাঁরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ পাস ও গাড়ির স্টিকার পাবেন। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এ ছাড়া ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন সিআইপিরা। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার করতে পারবেন তাঁরা। এ ছাড়া সিআইপির স্ত্রী বা স্বামী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
সিআইপি মর্যাদাধারীরা এক বছরের জন্য নির্বাচিত হলেও পরবর্তী বছরের সিআইপি ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সুবিধা ভোগ করবেন।
খাতসমূহ: ১৮ ধরনের পণ্য রপ্তানি করেন এমন ১০১ জন ব্যবসায়ীকে এবার সিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এর মধ্যে কাঁচা পাট পাঁচজন, পাটজাত দ্রব্য চারজন, চামড়া (ক্রাস্ট/ফিনিশড) দুজন, চামড়াজাত দ্রব্য পাঁচজন, হিমায়িত খাদ্য সাতজন, ডিহাউড্রেড সল্টেড ও অন্যান্য মাছ একজন, তৈরি পোশাক (ওভেন) ১২ জন, কৃষিজাত দ্রব্য চারজন, অ্যাগ্রো-প্রসেসিং তিনজন, ওষুধ তিনজন, হস্তশিল্প পণ্য দুজন, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা ও ডাটা প্রসেসিং একজন, স্পেশালাইজড টেক্সটাইল বা হোম টেক্সটাইল তিনজন, তৈরি পোশাক (নিট) ২৬ জন, সিরামিক টেবিলওয়্যার দুজন, প্লাস্টিক পণ্য একজন, টেক্সটাইল (ফেব্রিকস) ছয়জন এবং বিবিধ পণ্যে ১৪ জন সিআইপি মর্যাদা পেয়েছেন।
মূলত পূর্ববর্তী অর্থবছরের রপ্তানি আয় ও নতুন পণ্য রপ্তানির জন্য এসব ব্যক্তির সিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। সিআইপি মর্যাদার জন্য ১৫৯টি প্রতিষ্ঠানের ১৯২ জন আবেদন করেছিলেন।
অন্যদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি, প্রথম সহ-সভাপতি, সভাপতি ও ৪৩ জন পরিচালকসহ মোট ৪৬ জন ব্যবসায়ী পদাধিকারবলে সিআইপি (ট্রেড) কার্ড পেয়েছেন। তাঁরা বিভিন্ন চেম্বার ও সমিতির প্রতিনিধি হিসেবে এফবিসিসিআইয়ের পরিচালক হয়েছেন।
আলোচনা: অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ভবিষ্যতে আরও বেশিসংখ্যক ব্যবসায়ীকে সিআইপি মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবেন। এ ছাড়া এ সিআইপি মর্যাদার বছরভিত্তিক তালিকা হালনাগাদ করা হবে বলে জানান তিনি।
তাঁর মতে, বাংলাদেশ নামেই স্বল্পোন্নত দেশ। কিন্তু মানুষের চাল-চলন, আয়, ব্যবসা-বাণিজ্য—সবকিছুই উন্নয়নশীল দেশের মতো। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী তিন বছরে পাঁচ হাজার কোটি ডলারের (৫০ বিলিয়ন ডলার) রপ্তানি করা সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর এত রাজনৈতিক অস্থিরতার পরও বাংলাদেশের রপ্তানি বেড়ে তিন হাজার কোটি ডলারের বেশি হয়েছে। এ দেশে ঋণের সুদের হার অনেক বেশি, কারখানা নির্মাণের পর ব্যবসা পরিচালনায় চলতি মূলধন পাওয়া যায় না। এত সমস্যার পরও ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সিআইপি মর্যাদাপ্রাপ্তি নিয়ে কিছুটা অনুযোগ করেন এফবিসিসিআইয়ের সভাপতি ও প্রথম সহসভাপতি।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘শুধু সিআইপি কার্ডটি পকেটে নিয়ে ঘুরলেই হবে না। আপনার যে ইজ্জত দিতে চান, তা পুরোটা দেবেন বলে আশা করি।’
সিআইপি মর্যাদাধারী অনেক সুবিধাই পাচ্ছেন না—উল্লেখ করে প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, ‘এখন গাড়িতে সিআইপি স্টিকার দেওয়া হয় না। স্থলসীমান্তে আনুষ্ঠানিকতায় বাড়তি সুবিধা পাওয়া যায় না। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারেন না সিআইপিরা।’ তিনি দাবি করেন, গেজেটে যেসব সুবিধার কথা বলা হয়েছে, এর শতভাগই দেওয়ার ব্যবস্থা করা উচিত।
অনুষ্ঠানের সভাপতি বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, পৃথিবীতে একটা পরিবর্তন এসেছে। সেটা হলো—বেসরকারি খাত এখন সরকারের অংশ হয়ে গেছে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। প্রধান অতিথি সিআইপি মর্যাদাধারী ও তাঁদের প্রতিনিধিদের হাতে কার্ড তুলে দেন।
বিতর্ক: এবারের সিআইপি ঘোষণা করা হয় সিআইপি (রপ্তানি) নীতিমালা, ২০১৩ অনুযায়ী। নীতিমালার ৭ (খ) ধারায় বলা হয়েছে, ‘ঋণখেলাপি ও কর বকেয়া থাকলে কেউ সিআইপি নির্বাচনের জন্য বিবেচিত হবেন না।’
প্রজ্ঞাপন জারির আগে ১৪৭ জনের তালিকাটি গত ৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য রপ্তানি শ্রেণির ১০১ জনের তালিকার ৭, ৪১, ৪৩, ৪৪, ৪৫, ৫৩, ৮৫, ৯৬ ও ৯৮ ক্রমিকধারীর বিরুদ্ধে আপত্তি ওঠে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে। বৈঠকের কার্যবিবরণী গত ১৪ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ এনবিআরে পাঠায়।
এতে বলা হয়, ‘১৪৭ জনের মধ্যে নয়জনের বিরুদ্ধে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও ঋণসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা অনিষ্পন্ন থাকায় তাঁদেরও সিআইপি নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে।’ সুপারিশটি করেন তৎকালীন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, বর্তমানে যিনি অর্থসচিব।