রপ্তানি জোরদার করতে পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বিশ্ববাণিজ্যের কারিগরি বাধাগুলো সফলভাবে মোকাবিলা করে রপ্তানি বাড়াতে বাংলাদেশি শিল্পপণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য বাংলাদেশি শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান সনদ বা আইএসও সার্টিফিকেট অর্জন জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিক মান সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাননির্ধারণের কারিগরি সক্ষমতা বাড়াতে হবে। গতকাল ঢাকার একটি হোটেলে বিশ্ব মান সংস্থা (আইএসও) প্রবর্তিত ‘ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন প্র্যাকটিস’ শীর্ষক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ব মান সংস্থার সহায়তায় বিএসটিআই তিন দিনের এ আঞ্চলিক কর্মশালার আয়োজন করে।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দক্ষিণ আফ্রিকার মানবিশেষজ্ঞ ও আইএসওর প্রতিনিধি ইয়ান মুর, বিএসটিআইয়ের পরিচালক ড. হুমায়ুন কবির বক্তব্য দেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর জন্য গুণগত মানোন্নয়ন ও পণ্য বৈচিত্র্যকরণ অন্যতম শর্ত। এ শর্ত পূরণে মহাজোট সরকার শুরু থেকেই বিএসটিআইয়ের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বিএসটিআইতে আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাবরেটরি স্থাপন ও মেধাবী জনবল নিয়োগ করা হয়েছে। ফলে প্রতিবেশী দেশ ভারতের জাতীয় মাননির্ধারণী প্রতিষ্ঠান এনএবিএল থেকে সম্প্রতি বিএসটিআইয়ের কয়েকটি গবেষণাগারের মান স্বীকৃতি পাওয়া গেছে। এ স্বীকৃতি বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় রপ্তানি বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তারা ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির জন্য মান সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর জোর দেন। তাঁরা বলেন, বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের জন্য গুণগত মানের বিষয়টি অন্যতম বাধা। যত বেশি এই বাধা উত্তরণ সম্ভব, তত বেশি রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।এই কর্মশালায় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, তাজিকিস্তান ও দক্ষিণ আফ্রিকার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।