এ সপ্তাহের সাক্ষাৎকার: তৈরি পোশাক রপ্তানি, নতুন মজুরি এবং দেশের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ফজলুল হক

প্রথম আলো: রাজনৈতিক সহিংসতার মধ্যেও তৈরি পোশাক ও নিট পোশাকের রপ্তানি অর্থবছরের প্রথমার্ধে বেশ ভালো হয়েছে। এটা কীভাবে সম্ভব হলো?
ফজলুল হক: পোশাক খাতের রপ্তানি আয়ের এই ২০ শতাংশ প্রবৃদ্ধি একদিকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিক ও উদ্যোক্তাদের কর্মোদ্যম এবং সহনক্ষমতারই প্রকাশ। বিশেষ করে কয়েক মাস ধরে রাজনৈতিক সহিংসতা-বর্বরতার মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়া এবং বিদেশে উৎপাদিত পণ্য জোগান দিয়ে যাওয়া নিঃসন্দেহে একটি বিরাট ঘটনা। তবে একটু গভীরে গেলে দেখা যাবে, এর জন্য ব্যয়টা অনেক বেশি হয়ে গেছে। পোশাক পণ্য তৈরির জন্য দেশের ভেতরেই প্রচুর চলাচল করতে হয়। নিট পোশাকের জন্য সুতা ও ওভেন পোশাকের জন্য ফেব্রিক আনয়ন থেকে ডাইং-প্রিন্টিংসহ বিভিন্ন কাজ সারতে এক কারখানা থেকে আরেক কারখানায় যেতে হয়। হরতাল-অবরোধের মধ্যে এই কাজগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কারখানার শ্রমিকদের যাতায়াতও ঝুঁকির মধ্যে ছিল। দিনে কারখানা চালাতে না পেরে রাতে কারখানা চালাতে হয়েছে, পাঁচ-ছয় গুণ বেশি ট্রাক ভাড়া দিয়ে চট্টগ্রাম বন্দরে পণ্য জাহাজীকরণের জন্য পাঠাতে হয়েছে। সীতাকুণ্ডর পথটুকু অতিক্রম করাই তো ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অনেকেই বন্দরে পণ্য পাঠাতে না পেরে বিমানযোগে পাঠিয়েছেন। এভাবে রপ্তানির খরচ ও ঝুঁকি অনেক বেড়ে গেছে, গুনতে হয়েছে আর্থিক লোকসান। এর প্রতিফলন দেখা যাবে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে গিয়ে। অনেকেই সময়মতো ব্যাংকঋণের কিস্তি শোধ করতে পারেননি।
প্রথম আলো: রানা প্লাজা ধসের পর রপ্তানি কমে যাওয়ার আশঙ্কার কথা শুনেছি। আবার রাজনৈতিক সহিংসতায়ও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখনো বলা হচ্ছে, বাংলাদেশে কার্যাদেশ আসছে না, ভারতে চলে যাচ্ছে। প্রকৃত ঘটনাটা কী?
ফজলুল হক: রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া হয়। রিটেইলার বা ক্রেতাদের ওপরও চাপ অনেক বাড়ে। তবে সেই প্রভাব আগেই কাটিয়ে ওঠা গেছে। রপ্তানি কমেনি, কার্যাদেশও তেমন চলে যায়নি। আর রাজনৈতিক সহিংসতার মধ্যেও কীভাবে উদ্যোক্তারা বাজার ধরে রেখেছেন, তা তো আগেই বললাম। এখন কিছু কিছু কার্যাদেশ ভারতে, ভিয়েতনামে ও পাকিস্তানে যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়, আতঙ্কের বিষয়ও নয়। রাজনৈতিক অস্থিরতা একটা নির্দিষ্ট সময় পরে কমে আসবে বলে যে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। তাই কোনো কোনো ক্রেতা কার্যাদেশ কিছুটা কমিয়ে অন্য দেশে দিয়েছে। পাকিস্তান ১ জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নে জিএসপি-সুবিধা পেয়েছে। আবার দেশটিতে অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ সামান্য হলেও কমেছে। ভারতের রুপির ব্যাপক দরপতনে সে দেশে বাংলাদেশ থেকে কার্যাদেশ চলে গেছে, এমনটা মনে হয় না। শুধু মুদ্রার অবমূল্যায়ন দিয়েই রপ্তানি বাড়ানো সম্ভব নয়। যেটুকু গেছে তা বিকল্প উৎস হিসেবেই গেছে। রাজনৈতিক অস্থিরতা-অনিশ্চয়তা যে বাংলাদেশে অপরিহার্য, ক্রেতারা কম-বেশি তা জেনেই আমাদের সঙ্গে ব্যবসা করছে।
প্রথম আলো: তাহলে কি এই কার্যাদেশগুলো আর ফেরত আসবে না? আগামী দিনেই বা পোশাক রপ্তানি কতটা চাপের মুখে পড়বে?
ফজলুল হক: জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর দেশে আপাতত কিছুটা স্বস্তি ভাব দৃশ্যমান হচ্ছে। বিরোধী দল বিএনপি আর কোনো হরতাল-অবরোধ কর্মসূচি দেয়নি। সরকারও সহিষ্ণু আচরণ করছে। যদি এ রকম অবস্থা আরও কিছুদিন বজায় থাকে, যদি চাপা রাজনৈতিক অনিশ্চয়তা আর মাথা চাড়া না দেয়, তাহলে দেশ একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে ফিরবে। আর তখন উৎপাদন কর্মকাণ্ডও চাঙা হবে। সেই ধারাবাহিকতায় তৈরি পোশাক খাতও জোরদার হয়ে উঠবে, বাড়বে কার্যাদেশ, প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ বেড়ে যাবে। সুতরাং, রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি। বর্তমান পরিস্থিতিতে রপ্তানি নিয়ে যেমন আত্মতুষ্টির অবকাশ নেই, তেমনি আতঙ্কিত হওয়ারও দরকার নেই।
প্রথম আলো: নতুন মজুরিকাঠামো অনুসারে এই মাসেই শ্রমিকদের মজুরি দেওয়ার কথা ছিল। কিন্তু অনেক কারখানাই তা দেয়নি। কেন?
ফজলুল হক: নতুন মজুরি বাস্তবায়নের প্রস্তুতির জন্য আরেকটু সময় দেওয়া প্রয়োজন ছিল, সেটা দেওয়া হয়নি। তার ওপর যুক্ত হলো রাজনৈতিক সহিংসতা, হরতাল-অবরোধ। ফলে অনেক কারখানার মালিকই বিরাট চাপে পড়ে গেছেন। এই অবস্থায় এখন মালিক-শ্রমিক একত্রে বসে বিষয়টি বিবেচনা করা দরকার। শ্রমিকনেতাদের উচিত হবে এই কঠিন বাস্তবতা শ্রমিকদের বুঝিয়ে বলা। যাঁরা এখনো নতুন মজুরি দিতে পারছেন না, তাঁদের উচিত শ্রমিকদের কাছ থেকে সময় নেওয়া ও কিস্তিতে পরিশোধ করে দেওয়া। যদি মজুরি নিয়ে আবার শ্রমিক বিক্ষোভ দানা বাঁধে, তাহলে বড় সমস্যা হবে।
প্রথম আলো: আগামী দিনে দেশের ব্যবসার পরিবেশ কীভাবে দেখছেন?
ফজলুল হক: হরতাল-অবরোধে কম-বেশি সব শিল্প ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মে স্বনিয়োজিতরা। পুঁজি হারিয়ে, কাজ খুইয়ে তারা খুব বিপদে আছে। বড় ও মাঝারি কারখানা ও প্রতিষ্ঠানে গত তিন মাসে লোক ছাঁটাই হয়েছে। আবার নতুন করে কর্মসংস্থানও হয়নি। গড়ে প্রতি মাসে দেশে প্রায় দেড় লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে। ফলে তিন মাসে প্রায় পাঁচ লাখ নতুন বেকার যোগ হয়েছে। এটা সামাজিক অস্থিরতা তৈরি করছে। কাজেই এখন ব্যবসার অনুকূল সুষ্ঠু পরিবেশ ফিরে আসা দরকার। এ জন্য চাই রাজনৈতিক স্থিতিশীলতা।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]