রপ্তানি পদক পাচ্ছে ১১৩ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই অর্থবছরের (২০১১-১২ ও ২০১২-১৩) জন্য দেশের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্বাচিত করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ৯ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে ২০১১-১২ অর্থবছরে ২৪ শ্রেণিতে ৫২ প্রতিষ্ঠান এবং ২০১২-১৩ অর্থবছরে ২৬ শ্রেণিতে ৬১ প্রতিষ্ঠান মিলে মোট ১১৩টি প্রতিষ্ঠান পাবে এ রপ্তানি পদক। এর মধ্যে দুই অর্থবছরেই সেরা রপ্তানিকারকের পুরস্কার পাবে এমন প্রতিষ্ঠান রয়েছে ৩৪টি। এসব প্রতিষ্ঠান স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—এ তিন ধরনের পুরস্কার পাবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘সেরা রপ্তানিকারক ট্রফি’ তুলে দেবেন।
উভয় বছরের জন্যই সেরা রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পাচ্ছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুস ছালাম মো. রফিকুল ইসলাম। আর শুধু তৈরি পোশাক শ্রেণিতে (ওভেন) স্বর্ণপদক পাচ্ছে হা-মীম গ্রুপের সহযোগী রিফাত গার্মেন্টস, এটির ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
এ ছাড়া প্রাণ গ্রুপের চারটি, স্কয়ার গ্রুপের তিনটি, বেঙ্গল গ্রুপের দুটি এবং বেক্সিমকো গ্রুপ, অ্যাপেক্স গ্রুপ, এনভয় গ্রুপ, আকিজ গ্রুপসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
দুই অর্থবছরে তৈরি পোশাক (ওভেন ও নিট), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিকস, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফল, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, অন্যান্য শিল্পপণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানার দুই শ্রেণিসহ বিভিন্ন শ্রেণিতে সেরা রপ্তানিকারক পদক দেওয়া হচ্ছে।
তবে ২০১১-১২ অর্থবছরের জন্য হালকা প্রকৌশল পণ্যে পদক দেওয়া হলেও ২০১২-১৩-তে শ্রেণিটি বিলোপ করা হয়েছে। তার পরিবর্তে নতুন করে টেরি টাওয়েল, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য এবং টেলিকম সেবা যুক্ত করা হয়েছে। এ ছাড়া উভয় অর্থবছরে ওভেন পোশাক রপ্তানিতে রৌপ্য পদক পাচ্ছেন অনন্ত অ্যাপারেলসের এমডি শরিফ জহীর। ২০১১-১২ অর্থবছরের জন্য ব্রোঞ্জ পদক পাচ্ছেন সিনহা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা এবং ২০১২-১৩ অর্থবছরে জন্য হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান অ্যাপারেল গ্যালারির এমডি এ কে আজাদ।
২০১১-১২ অর্থবছরে তৈরি পোশাকের নিটওয়্যার উপখাতে স্বর্ণপদক পাচ্ছেন স্কয়ার ফ্যাশনসের এমডি তপন চৌধুরী এবং পরের অর্থবছরে পাচ্ছেন জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা।
এ ছাড়া সব ধরনের সুতা রপ্তানিকারকদের মধ্যে স্বর্ণপদক পাচ্ছে স্কয়ার টেক্সটাইলস ও কামাল ইয়ার্ন। টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণপদক পাচ্ছে নোমান উইভিং ও সাদ সান টেক্সটাইল। হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতে সেরা রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। টেরি টাওয়েল খাতে স্বর্ণপদক পাচ্ছে নোমান টেরি টাওয়েল। হিমায়িত খাদ্যে উভয় অর্থবছরে স্বর্ণপদক পাচ্ছে অ্যাপেক্স ফুডস। কাঁচা পাট রপ্তানিতে উভয় অর্থবছরে স্বর্ণপদক পাচ্ছে পপুলার জুট এক্সচেঞ্জ। পাটজাত দ্রব্য রপ্তানিতে উভয় বছরে স্বর্ণপদক পাচ্ছে আকিজ জুট মিলস। ক্রাস্ট ও ফিনিশড চামড়া রপ্তানিতে উভয় অর্থবছরে স্বর্ণপদক পাচ্ছে অ্যাপেক্স ট্যানারি। চামড়াজাত দ্রব্যে উভয় বছরে স্বর্ণপদক পাচ্ছে পিকার্ড বাংলাদেশ। ফুটওয়্যার রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে এফবি ফুটওয়্যার। কৃষিজাত পণ্যে স্বর্ণপদক পাচ্ছে অ্যাগ্রি কনসার্ন ও আল আজমি ট্রেড। অ্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাচ্ছে প্রাণ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান। ফুল ও ফল রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে রাজধানী এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক গোবিন্দ চন্দ্র সাহা। হস্তশিল্প রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে কারুপণ্য রংপুর। প্লাস্টিক পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ইউনিট। সিরামিক সামগ্রী রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে ফার সিরামিকস।
হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে ইউনিগ্লোরী সাইকেল ইন্ডাস্ট্রিজ। ইলেকট্রিক পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাচ্ছে বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ। এছাড়া তালিকায় আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে।