রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা চায়বিজিএমইএ
পোশাক খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে তাঁদের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আরও গতি আনার দাবি জানান। সে সঙ্গে তাঁরা রপ্তানি খাতে প্রবৃদ্ধি বজায় রাখার জন্য শুল্কায়ন খরচ ও রপ্তানি পণ্যের উৎসে কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দাবি জানিয়েছেন।তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছেন।সাক্ষাৎ শেষে বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলোতে তৈরি পোশাক রপ্তানি কমেছে। রপ্তানির প্রধান গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বিরাজমান মন্দাই রপ্তানি কমার অন্যতম কারণ। একই সঙ্গে দেশেও এ খাতের রপ্তানিকারকেরা নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। বিজিএমইএর সভাপতি রপ্তানি খাতের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। টাকার অঙ্কে উল্লিখিত সময়ে প্রবৃদ্ধি হলেও পরিমাণে বা ইউনিটে (পিস) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে। গত মার্চ মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি নেতিবাচক পর্যায়ে চলে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রপ্তানির সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। বিজিএমইএর সভাপতি পোশাক খাতে রপ্তানি কমার জন্য ব্যাংকের উচ্চ সুদের হার, মজুরি বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বৃদ্ধি, চলতি অর্থবছর থেকে শিল্পের উৎসে কর ৫০ শতাংশ বৃদ্ধি, বন্দরের শুল্কায়ন ব্যয় বেড়ে যাওয়াকে দায়ী করেছেন। তিনি রপ্তানিকারকদের উৎসে কর দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৪০ শতাংশ করার দাবি জানান। সফিউল ইসলাম মহিউদ্দিন আরও বলেন, ডিজেল আর ফার্নেস অয়েলে উৎপাদিত বিদ্যুৎ খরচ বেশি হবে। সে জন্য তিনি এর মাঝামাঝি একটি দাম (যুক্তিসংগত দর) নির্ধারণের প্রস্তাব দেন। এ ছাড়া রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ভাড়া করা ফ্লোরের প্রযোজ্য ভ্যাট বা মূসক অব্যাহতি, শ্রমিকদের ডরমিটরি নির্মাণ ও তাঁদের প্রশিক্ষণের জন্য সরকারি তহবিল বরাদ্দ দেওয়া, সব নগদ সহায়তার ওপর কর আরোপ না করা, ঢাকা ও নারায়ণগঞ্জে গড়ে ওঠা পোশাক শিল্পকারখানার জন্য পৃথক শিল্পপার্ক স্থাপনের দাবি জানান বিজিএমইএর সভাপতি।