
রপ্তানি আয় বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি আরও পাঁচটি খাতকে সরকার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। খাতগুলো হচ্ছে ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি (আইটিঘ), জাহাজনির্মাণ ও আসবাবপত্র। এরই ধারাবাহিকতায় আসবাবশিল্পকে নগদ সহায়তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান মন্ত্রী।
গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারা এলাকায় যমুনা ফিউচার পার্কে ফার্নিচার ও গৃহসজ্জার পণ্যসামগ্রীর তিন দিনব্যাপী এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ আসে পোশাকশিল্প খাত থেকে। এই খাতটিকে অনেক সুবিধা দিয়েছি এবং দিয়ে যাব। তবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রপ্তানি আয় বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণের কথা বলা হয়েছে। সে জন্যই আমরা পাঁচটি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।’
আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে ‘বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইনটেরিয়র ডেকর’ (বিএফআইডি) শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটির আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএএফআইওএ)। এতে সহায়তা করছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেসিপিসি)।
অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, রাবার কাঠ থেকে প্রথম শ্রেণির আসবাবপত্র তৈরি হয়। তবে রপ্তানির নীতিতে আছে, রাবার কাঠ রপ্তানি করা নিষিদ্ধ। অবশ্য অনুমতি পাওয়া গেলে ফার্নিচার তৈরিতে রাবার কাঠ ব্যবহার করে প্রচ্ছন্ন রপ্তানি করা যায়। এ বিষয়ে তিনি বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শুভাশীষ বসু ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পারটেক্স বোর্ড তৈরিতে রাবার গাছের শাখা-প্রশাখা ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে পারটেক্স বোর্ড ভারতে রপ্তানি শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে আসবাবপত্র। আর এই খাতের শ্রমিকদের বড় অংশই বাংলাদেশি। সারা বিশ্বে আসবাবপত্রের ৩৫ হাজার কোটি ডলারের বাজার আছে। তাই পোশাকের পর আসবাবপত্রেও আমাদের ভালো করার সুযোগ আছে। কারণ এই খাতটিও শ্রমনিবিড়।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আক্তারুজ্জামান, ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, বিএএফআইওএর সভাপতি শাহেদুল ইসলাম, বাংলাক্রাফটের সহসভাপতি মালেকা খান।
প্রদর্শনীটি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ৫১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে আসবাবপত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টল ১৫টি এবং হোমটেক্সটাইল, হস্তশিল্প, মৃৎশিল্প, পাট ও পাটজাত পণ্যের স্টল ৩৬টি।
প্রসঙ্গ রাজনীতি: অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, রাস্তায় জানজট। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট হরতাল দিয়েছে। হরতাল কি হচ্ছে? হরতালকে ভোঁতা করে দিয়েছে বিএনপি। রাজনৈতিক অধিকার আদায়ের একটি অস্ত্র হচ্ছে হরতাল। তবে হরতাল-অবরোধের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট হচ্ছে। আসলে মানুষ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বিএনপিকে বলব, সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। মানুষ সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা পছন্দ করে না। বিএনপি এখন এখান থেকে সরার পথ খুঁজছে। সেটি ছিল সংলাপ। তবে সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, তাদের সঙ্গে সংলাপ হয় না। একটি পথ আমরা খুলে দিয়েছি। এই নির্বাচনে বিএনপি আসুক এবং নাশকতামূলক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখুক। তাতে এখান থেকে ফিরে আসার একটি পথ তারা পেল।’