রপ্তানি বাড়াতে শক্তিশালী প্রতিষ্ঠান ও সমন্বয় দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ–ভারত বাণিজ্য বিষয়ে গতকাল রাজধানীতে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা l প্রথম আলো
বাংলাদেশ–ভারত বাণিজ্য বিষয়ে গতকাল রাজধানীতে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা l প্রথম আলো

ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করতে হবে। এ ছাড়া অশুল্ক বাধাগুলো দূর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেছেন গবেষক, বিশ্লেষক, ব্যবসায়ী নেতা এবং সাবেক ও বর্তমান একাধিক সরকারি কর্মকর্তা।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা ও এসপিএস পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব মত প্রকাশ করা হয়। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল শনিবার অনুষ্ঠিত এ সভায় বক্তারা দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য বৈষম্যের চিত্র তুলে ধরেন। তাঁরা ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করারও দাবি জানান।
এসপিএস হলো স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা-সংশ্লিষ্ট নীতিমালা। এর আওতায় একটি দেশ অন্য আরেকটি দেশে পণ্য রপ্তানি করতে গেলে আমদানিকারক দেশের স্বাস্থ্য ও পরিবেশ-সংক্রান্ত মানদণ্ড রক্ষা ও সেই দেশের চাহিদা অনুযায়ী কিছু শর্ত পূরণ করতে হয়।
সভায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। এতে অতিথি আলোচক ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের প্রধান অমিতাভ চক্রবর্তী। আলোচনায় অংশ নেন ব্যবসায়ী নেতা, গবেষক ও সাবেক সরকারি কর্মকর্তারা।
সাংস্কৃতিক ও জীবনযাত্রার ক্ষেত্রে দুই দেশের মানুষের মধ্যে অনেক মিল থাকার পরও কেন দুই প্রতিবেশী দেশের মধ্যে বিশাল এ বাণিজ্য ঘাটতি? এর জবাবে বক্তারা বিভিন্ন অশুল্ক বাধার কথা তুলে ধরেন।
এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা বলেন, ভারতের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
মূল প্রবন্ধে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী খালেদা আকতার জানান, ভারত ২০১৪ সালে বাংলাদেশে ৬০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৪৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। তিনি বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। কিন্তু ভারতে যেসব পণ্য রপ্তানি হয় তার ৭৯ শতাংশই তৈরি পোশাকবহির্ভূত।
ভারতের বাজারে পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপের মহাব্যবস্থাপক তানভীর ইসলাম জানান, ভারতে রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান যাচাই ও মোড়কে বড় ধরনের সমস্যা রয়েছে। সারা বিশ্বে পণ্য (বিশেষ করে জুস) রপ্তানিতে একধরনের মোড়ক ব্যবহার করা হয়, আর ভারতের জন্য আলাদা মোড়ক করতে হয়।
তানভীর ইসলাম আরও বলেন, ‘ভারতের বাজার বেশ মূল্য সংবেদনশীল। সে দেশের ক্রেতারা ভালো মানের পণ্য কম বা প্রতিযোগিতামূলক দামে পেতে চায়। আর চীনের মতো দেশ সেটি পারলেও বাংলাদেশের পক্ষে তা সম্ভব হচ্ছে না। কারণ, আমাদের উৎপাদন খরচ চীনের চেয়ে বেশি। এ জন্য ভারতে চীনের বড় একটি রপ্তানিবাজার তৈরি হলেও বাংলাদেশের বেলায় সেটি হয়ে উঠছে না।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, দুই দেশের মধ্যেকার বাণিজ্য-বৈষম্য কমাতে একটি সমস্যার সমাধান করার পর দেখা যায় নতুন আরেকটি সামনে চলে আসে। দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে ২৫টি প্রতিষ্ঠান যুক্ত। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় দরকার। তিনি বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে জোর দেন। এ ছাড়া ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা এবং দুই দেশের সরকারি উদ্যোগের ফলে রপ্তানি ধীরে ধীরে বাড়ছে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। তৈরি পোশাকের বাইরে এ দেশের কৃষি ও কৃষিজাত পণ্যের একটি বড় বাজার সম্ভাবনা আছে ভারতে। সেটি কাজে লাগাতে হলে অশুল্ক বাধাগুলো দূর করতে হবে। সেই সঙ্গে এসপিএস-সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে সেগুলো দূরীকরণেও দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি করা যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রায়হান বলেন, ভারতের বাজারে রপ্তানি বাড়াতে হলে মানসম্মত পণ্যের বিষয়টি ভবিষ্যতে বড় বিষয় হয়ে উঠবে। তাই এখন থেকে এ দেশের রপ্তানিকারকদের মানসম্মত পণ্য তৈরির দিকে মনোযোগ দিতে হবে।
ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশীদ বলেন, ভারতের বাজারে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের বেলায় মান যাচাইয়ে সেই দেশের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ে দ্বিগুণ মাশুল দিতে হয়।