রপ্তানি বাড়ে, তবু বঞ্চিত শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি (কোটি ডলারে)
বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি (কোটি ডলারে)

বৈশ্বিক আর্থিক সংকট হোক কিংবা রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হোক; বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে গত দেড় দশকে কখনোই বিপর্যয় নামেনি। আর রপ্তানির এই ঊর্ধ্বমুখী ধারাই বলে দেয় যে কতটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তৈরি পোশাক খাত।
পোশাক খাতের শক্ত ভিত্তি রচিত হয়েছে তিনটি কারণে। প্রথমত, সস্তা শ্রম। দ্বিতীয়ত, সরকার তথা রাষ্ট্রের ক্রমাগত প্রণোদনা। তৃতীয়ত, উদ্যোক্তাদের সৃজনশীলতা। কিন্তু পোশাকশিল্পের মালিকেরা যেন শক্ত ভিত্তিকে নিজেরাই নাজুক করে রাখতে আগ্রহী। সে কারণেই শ্রমিকের মজুরি ও প্রাপ্য দিতে সারা বছর যেমন নানা টালবাহানা বজায় থাকে, তেমনি বছরজুড়েই সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার তৎপরতা অব্যাহত থাকে তাদের। বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতি (বিজিএমইএ) যেন এই দুটি কাজকেই তাদের মোক্ষ ব্রত হিসেবে নিয়েছে।
বিজিএমইএর এই তৎপরতা সফলও হয়। কেননা বর্তমানে জাতীয় সংসদের বেশ কয়েকজন সদস্য আছেন, যাঁরা তৈরি পোশাকশিল্পের মালিক। সরকারের মন্ত্রী-সাংসদ থেকে প্রভাবশালী মহল বিভিন্নভাবে এই শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী। কাজেই নানা কৌশলে রাষ্ট্রীয় সুবিধা আদায় করতে, কর ছাড় নিতে এই শিল্পমালিকদের কোনো অসুবিধাই হয় না। তাঁদের অসুবিধা শুধু শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে।এর সর্বশেষ প্রমাণ তোবা গ্রুপের কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস দেওয়া নিয়ে সরকার ও বিজিএমইএর কর্মকাণ্ড।
বিগত বছরগুলোয় বাংলাদেশের পোশাকশিল্পকে রাষ্ট্রীয়ভাবে যে বিপুল পরিমাণ সুবিধা দেওয়া হয়েছে, তার আর্থিক মূল্য যদি হিসাব করা যায়, তাহলে হয়তো দেখা যাবে যে তা কয়েক বছরের রপ্তানির সমান।
২০০৮-০৯ থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা নগদ সহায়তা হিসেবে সরকারি কোষাগার থেকে চার হাজার কোটি টাকার বেশি পেয়েছেন। অথচ রপ্তানির সময় উৎসে কর হিসেবে মাত্র দশমিক ৬০ শতাংশ দিলেই সব ধরনের কর থেকে দায়মুক্তি পায় তৈরি পোশাকসংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। ২০১৩-১৪ অর্থবছরে তা বাড়িয়ে দশমিক ৮০ শতাংশ করা হলেও চলতি বছর এপ্রিল থেকে তা আবার কমিয়ে করা হয়েছে দশমিক ৩০ শতাংশ, যা আগামী বছর ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এই কর ছাড় দেওয়ায় ১৫ মাসে সরকারের এক হাজার ৮০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের বিশ্লেষণে দেখা গেছে। অথচ রানা প্লাজা ধসে ক্ষতিপূরণের জন্য প্রয়োজন ৩২০ কোটি টাকা। এই অর্থ সংগ্রহে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন ‘রানা প্লাজা অ্যারেঞ্জমেন্ট কো-অর্ডিনেশন কমিটি’র তহবিলে এখন পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ডলার বা ১৪১ কোটি টাকা জমা পড়েছে। আবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০৫ কোটি টাকা জমা হয়েছে।
রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পর বিশ্বজুড়ে যখন নিন্দা-সমালোচনার ঝড় ওঠে, তখন পোশাকমালিকেরা বলতে থাকেন যে এবার এই শিল্প বিরাট বিপদে পড়েছে, সব কার্যাদেশ ভারতে ও ভিয়েতনামে চলে যাচ্ছে। কাজেই রপ্তানি বিপর্যয় অনিবার্য। ২০১৩ সালের এপ্রিল মাসে রানা প্লাজা ধসের পর এক বছরের বেশি সময় পার হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে তৈরি পোশাক (নিট ও ওভেন মিলিয়ে) রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ শতাংশ। আসলে গত এক যুগ ধরে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কখনোই নেতিবাচক হয়নি, বরং বেশির ভাগ বছরই প্রবৃদ্ধির হার এক যুগের গড় প্রবৃদ্ধির হারের (১৫ দশমিক ৪০ শতাংশ) ওপরে ছিল। এই সময়কালের মধ্যে শুধু ২০০৯-১০ অর্থবছরে প্রবৃদ্ধির হার প্রায় তলানিতে (১ দশমিক ২০ শতাংশ) ঠেকেছিল। আর তা হয়েছিল বিশ্বমন্দার প্রভাবে। সরকার তখন এই খাতকে নানা সুযোগ-সুবিধা দেয়।
দেখা যাচ্ছে, দেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা ভালোভাবেই রপ্তানির বাজার ধরে রাখছেন ও তা বাড়াচ্ছেন। এ জন্য সরকারের নীতি ও আর্থিক সহায়তার কোনো কমতি নেই। কিন্তু শ্রমিকদের মজুরি ও ন্যায্য পাওনা দিতে গেলেই যত রকম আপত্তি-অজুহাত দেখা দেয়। সরকারও বুঝি তাতে সম্মতি জানায়। আর তাই শ্রমিকেরা বাববার বঞ্চিত হন প্রাপ্য মজুরি থেকে।