রপ্তানি বাণিজ্যে গভীর ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের মুখে আটকে আছে রপ্তানিমুখী পণ্য। ছবিটি গতকাল  চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে তোলা  প্রথম আলো
অবরোধের মুখে আটকে আছে রপ্তানিমুখী পণ্য। ছবিটি গতকাল চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে তোলা প্রথম আলো

ঢাকার গাজীপুরের সিলিকন সুইং লিমিটেড থেকে গত শুক্রবার টি-শার্ট নিয়ে তিনটি কাভার্ড ভ্যান রওনা হয় চট্টগ্রাম বন্দরের উদ্দেশে। এসব পণ্য যুক্তরাজ্যের ক্রেতা প্রতিষ্ঠান ডেভেন হামসের কাছে রপ্তানি হওয়ার কথা। কিন্ত পরদিন অবরোধের মুখে পড়েও একটি গাড়ি ঝুঁকি নিয়ে কোনোমতে চট্টগ্রামে এসে পৌঁছালেও বাকি দুটি কুমিল্লায় আটকে পড়েছে। ওই দুটি গাড়ি গতকাল মঙ্গলবার পর্যন্ত আর নড়চড় করতে পারেনি।
টানা অবরোধের কারণে প্রতিষ্ঠানটি পণ্য রপ্তানি করতে পারছে না। পথে তাদের পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে, কারখানায়ও পণ্যের স্তূপ বাড়ছে।
গাজীপুরের মেট্টো নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের রপ্তানি পণ্যবাহী একটি গাড়ি চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার ডিপোতে যাওয়ার পথে সোমবার দিবাগত রাত দেড়টায় নগরের সল্টগোলায় অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় পুড়ে গেছে। ডিপোতে গিয়ে ওই সব পণ্য কনটেইনারে তুলে জাহাজে পাঠানোর কথা ছিল।
এভাবেই ঢাকা ও চট্টগ্রামের অসংখ্য রপ্তানিমুখী কারখানার পণ্যবাহী গাড়ি নাশকতার মুখে পড়ছে কিংবা তা এড়ানোর জন্য পথে কোথাও দাঁড়িয়ে আছে।
সিলিকন সুইং লিমিটেডের সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন গতকাল মঙ্গলবার বলেন, ‘অবরোধের কারণে প্রতিষ্ঠানটিতে এখন রপ্তানি পণ্যের স্তূপ জমছে। আবার রাস্তায় পড়ে থাকা পণ্যও কীভাবে রপ্তানি করা যাবে সেই দুশ্চিন্তায় আছেন কারখানার মালিক।’
পোশাকশিল্প মালিকদের কয়েকজন জানান, আগে তিন-চার দিনের অবরোধ বা হরতালের পর দুই-এক দিন সময় পেলে তাঁরা রপ্তানি পণ্য ডিপোতে পাঠিয়ে কিছুটা স্বস্তি পেতেন। কিন্ত এখন টানা অবরোধে সেই সুযোগ আর নেই।
বন্দর কর্তৃপক্ষ ও রপ্তানিকারকদের হিসাব অনুযায়ী, দেশে সমুদ্রপথে রপ্তানি বাণিজ্যের ৯৭ শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাকি মাত্র তিন শতাংশ হয় মংলা বন্দর দিয়ে। এ ছাড়া বিমানে সামান্য পরিমাণ পণ্য পরিবহন হয়ে থাকে। তবে পোশাকশিল্পের প্রায় পুরো রপ্তানিই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। আবার ঢাকা থেকে সড়কপথেই চট্টগ্রামে পরিবহন হয় ৯৫ শতাংশ। অবশিষ্ট মাত্র পাঁচ শতাংশ পরিবহন হয় রেলপথে। অবরোধকারীদের নাশকতার মুখে এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো রেলপথেও পণ্য পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, টানা অবরোধের কারণে কারখানা থেকে বন্দরে প্রস্তুত পণ্য নেওয়া যাচ্ছে না। বন্দর থেকেও কাঁচামাল নেওয়া যাচ্ছে না কারখানায়। এতে অনেক কারখানাতেই পোশাক উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে রপ্তানি খাতে অচলাবস্থা তৈরি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, অবরোধের কারণে প্রতিদিনই রপ্তানি পণ্যভর্তি পর্যাপ্ত সংখ্যক কনটেইনার ছাড়া বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। গতকাল মঙ্গলবার চারটি ও সোমবার একটিসহ এক সপ্তাহে অন্তত ১০টি জাহাজ পর্যাপ্ত সংখ্যক কনটেইনার ছাড়াই বন্দর ছেড়ে গেছে।
কনটেইনার ও জাহাজ পরিচালনাকারী সংস্থা হ্যানজিন শিপিংয়ের মহাব্যবস্থাপক এন এইচ গুহ প্রথম আলোকে জানান, সোমবার বন্দর ছেড়ে যাওয়া হ্যানজিন হোচিমিন জাহাজে রপ্তানি পণ্যভর্তি এক হাজার কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) যাওয়ার কথা থাকলেও পাওয়া গেছে ৬৮০টি।
রাস্তায় ভাঙচুর ও পুড়ছে রপ্তানি পণ্যবাহী গাড়ি: সারা দেশের পোশাকসহ রপ্তানি পণ্য বোঝাই হয় চট্টগ্রামের ১৮টি বেসরকারি ডিপো ও ঢাকায় কমলাপুর সরকারি ডিপোতে। এর বাইরে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে কিছুসংখ্যক কনটেইনারে রপ্তানি পণ্য বোঝাই হয়। কিন্তু টানা অবরোধে কারখানা থেকে পণ্য আসতে পারছে না কনটেইনার ডিপোগুলোতে। এই অবস্থায় ডিপোগুলোতে যেসব রপ্তানি পণ্য আছে, সেগুলো এখন রাতের অন্ধকারে পুলিশ প্রহরায় নেওয়া হচ্ছে বন্দরে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় তা অর্ধেকেরও কম। আবার এসব পণ্যভর্তি কনটেইনার ডিপো থেকে বন্দরে আনার পথে ভাঙচুরের শিকারও হচ্ছে।
ডিপো মালিক সমিতির হিসাবমতে, গত এক সপ্তাহে বিএম ডিপো, কেডিএস লজিস্টিকস, পোর্ট লিংকসহ চারটি ডিপোর ৪০টি রপ্তানি পণ্যবাহী গাড়ি ভাঙচুর হয়েছে। ডিপোতে আসার পথেও তৈরি পোশাকপণ্য পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।
বিএম কনটেইনার ডিপোর একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, রপ্তানি পণ্য নিয়ে যেখানে প্রতিদিন গড়ে ৩০০ ট্রাক ডিপোতে আসত সেখানে তা কমে ১০ থেকে ১২টিতে নেমে এসেছে। আবার ঝুঁকি নিয়ে কিছু কিছু জরুরি রপ্তানি পণ্য বন্দরে পাঠাতে হচ্ছে।