রপ্তানি বাড়লেও হিস্যা বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে চীনের অবস্থান এক নম্বরে। সেই চীনেই গত ২০১৫-১৬ অর্থবছর বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ১২০ কোটি টাকা। এই আয় আগের ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ৪ কোটি ডলার বা ১৩ শতাংশ বেশি।
এদিকে, পোশাক রপ্তানিতে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলার চ্যালেঞ্জ দিয়েছে ভারত। সেখানেও নিজেদের অবস্থান শক্ত করছে বাংলাদেশ। ২০১৪-১৫ অর্থবছর বাংলাদেশ থেকে ভারতে ১০ কোটি ৪২ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়। পরের অর্থবছর ১৩ কোটি ৬৪ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়। এ ক্ষেত্রে রপ্তানি প্রবৃদ্ধি ৩০ দশমিক ৯০ শতাংশ।
চীন ও ভারতের মতো অধিকাংশ অপ্রচলিত বা নতুন বাজারেই বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে। তবে ব্রাজিল ও তুরস্কে পোশাক রপ্তানি কমেছে। নব্বইয়ের দশক থেকেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা বাংলাদেশের পোশাক রপ্তানির মূল বা প্রচলিত বাজার। এই তিন বাজারেই মোট পোশাক রপ্তানির ৮৫ শতাংশ যায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ৮০৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। এর মধ্যে নতুন বাজারের অবদান মাত্র ১৫ দশমিক ৩১ শতাংশ অথবা ৪৩১ কোটি ডলারের পোশাক। প্রবৃদ্ধি ছিল সাড়ে ১০ শতাংশ। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছর নতুন বাজারে যথাক্রমে ৩৫৮ ও ৩৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত তিনটি অর্থবছর ধরে নতুন বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ধারাতেই আছে। তবে সামগ্রিক তৈরি পোশাক রপ্তানিতে নতুন বাজারের হিস্যা বাড়ছে না। গত তিন অর্থবছর ধরেই পোশাক রপ্তানিতে নতুন বাজারের অবদান ১৪ থেকে ১৫ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে এটি ছিল ১০ শতাংশ এবং ২০১১-১২ অর্থবছরে ১২ শতাংশ।
জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গতকাল রোববার রাতে বলেন, গত কয়েক বছরে নতুন বাজারের উচ্চ প্রবৃদ্ধি শ্লথ হয়ে গেছে। সে জন্য সামগ্রিক পোশাক রপ্তানিতে নতুন বাজারের অংশ তেমন বাড়ছে না। তিনি বলেন, নতুন বাজারের অংশ বাড়াতে প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে ভালো করতে হবে। সে ক্ষেত্রে সরকারকে শুল্কমুক্ত বাজার সুবিধা আদায়, রুলস অব অরিজিন শিথিল বা অশুল্ক বাধা দূর করা নিয়ে দর-কষাকষি করা উচিত। পাশাপাশি উদ্যোক্তাদের নতুন বাজারে গিয়ে পণ্য প্রচার এবং আমদানিকারকদের বাংলাদেশে আমন্ত্রণ দিয়ে এনে তাঁদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করতে হবে।
জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক গতকাল প্রথম আলোকে বলেন, নতুন বাজারে পোশাক রপ্তানিতে পাঁচ বছর আগের তুলনায় বাংলাদেশ বর্তমানে ভালো করছে। তবে এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চিলির মতো নতুন বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকলেও তা যথাযথভাবে কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা।
ফজলুল হক বলেন, প্রচলিত বা বড় বাজার থেকে সহজে ক্রয়াদেশ পাওয়া যায়। সে জন্য অধিকাংশ পোশাক ব্যবসায়ী সেই দিকে ঝুঁকছেন। তবে নতুন বাজারে বিপুল সম্ভাবনা আছে। সেটি কাজে লাগাতে যথেষ্ট চেষ্টা ও উদ্যোগ নিতে হবে ব্যবসায়ীদের। সরকারকেও ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী আরও সুযোগ-সুবিধা দিতে হবে। তিনি আরও বলেন, দেশের পণ্য রপ্তানিতে যে স্বপ্ন দেখা হচ্ছে, নতুন বাজার ছাড়া কখনোই পরিপূর্ণ হবে না।