রপ্তানি বাড়াতে এখন নতুন বাজারই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যের প্রধান বাজার আমেরিকা ও ইউরোপে মন্দার প্রভাবে বিদায়ী ২০১১-১২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে পণ্য রপ্তানি কমে গেছে। গত ১০ বছরে যতবার রপ্তানি যে হারে লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে, এটি তার মধ্যে সর্বোচ্চ হার। লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৩৫ শতাংশ রপ্তানি আয় কম হয়েছে।তবে এই সময়কালে সম্ভাবনাময় নতুন বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। বর্তমানের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখে তা এগিয়ে নেওয়ার জন্য ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো অগ্রসর উন্নয়নশীল দেশগুলোর বাজারের দিকে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা। একাধিক রপ্তানিকারক জানান, রপ্তানির প্রধান দুই বাজারেই সংকট চলছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ঋণসংকটে ভুগছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের ৫১ শতাংশই যায় সেখানে। মন্দার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। এখানে রপ্তানি হয় মোট রপ্তানির ২২ শতাংশ। তাঁরা জানান, মন্দার কারণে চাহিদা সংকুচিত হচ্ছে। পণ্যের দাম কমে গেছে। তাই কমেছে বাংলাদেশি পণ্যের রপ্তানি। গত অর্থবছর শুধু তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে যথাক্রমে ২৮ ও ১৫ শতাংশ রপ্তানি কমেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে রপ্তানি আয় প্রায় অপরিবর্তিত আছে। অর্থাৎ এসব বাজারে রপ্তানি বাড়েনি। ইউরোপের বড় বাজারগুলোর মধ্যে জার্মানিতে রপ্তানি বাড়লেও কমে গেছে ফ্রান্সে। আবার সম্প্রতি তুরস্কে যে গতিতে রপ্তানি বাড়ছিল, তা বড় ধরনের হোঁচট খেয়েছে। ২০১০-১১ অর্থবছরে ৭২ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি এক ধাক্কায় গত অর্থবছরে নেমে এসেছে ৫৫ কোটি ১৮ লাখ ডলারে।বড় বাজারে যখন এই অবস্থা, তখন অপেক্ষাকৃত নতুন ও ছোট বাজারে রপ্তানি আয়ে ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। যেমন, ২০১০-১১ অর্থবছরে ব্রাজিলে ১১ কোটি, রাশিয়ায় ১০ কোটি ৮৩ লাখ, দক্ষিণ আফ্রিকায় পাঁচ কোটি ৬২ লাখ ও মেক্সিকোয় নয় কোটি ডলার রপ্তানি আয় হয়। গত অর্থবছর তা বেড়ে ব্রাজিলে ১৫ কোটি ৫৫ লাখ, রাশিয়ায় ১৩ কোটি ৩২ লাখ, দক্ষিণ আফ্রিকায় ছয় কোটি ৫২ লাখ ও মেক্সিকোয় প্রায় ১১ কোটি চার লাখ ডলারে দাঁড়ায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, গত অর্থবছর বার্ষিক রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধরা হয় দুই হাজার ৬৫০ কোটি ডলার। শেষ পর্যন্ত আয় হয় দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৩৫ শতাংশ কম। কিন্তু ২০১০-১১ অর্থবছরে এক হাজার ৮৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে দুই হাজার ২৯২ কোটি ডলার আয় হয়। ওই বছর লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৯২ শতাংশ বেশি আয় হয়। এ ছাড়া প্রবৃদ্ধি হয় ৪১ দশমিক ৪৭ শতাংশ। তৈরি পোশাক (নিট এবং ওভেন) খাতের ‘সাদামাটা’ প্রবৃদ্ধির কারণেই সামগ্রিক রপ্তানিতে এবার নেতিবাচক প্রভাব পড়েছে। ওভেন ও নিট পোশাক খাত দুটিতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ৮৯ ও শূন্য দশমিক ৫ শতাংশ। অথচ ২০১০-১১ অর্থবছরে ওভেন ও নিট পোশাক খাতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪০ ও ৪৬ শতাংশ। এ ছাড়া পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমে গেছে। গত অর্থবছর এ খাতে আয় কমেছে ১৩ দশমিক ২৩ শতাংশ।এদিকে সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশ রপ্তানি সুদৃঢ় ও ত্বরান্বিতকরণ’ শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, দেশের রপ্তানি বাড়াতে বাণিজ্য কৌশল ও অবকাঠামো উন্নয়ন এবং অধিক দক্ষ জনশক্তি সৃষ্টির পাশাপাশি শ্রমমান বিধি প্রতিপালন নিশ্চিত করা জরুরি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অন্যতম সামর্থ্য তৈরি পোশাক রপ্তানি খাতটি অদূর ভবিষ্যতে ও মধ্য মেয়াদে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাই রপ্তানি বাড়াতে শুধু এই খাতের বিদ্যমান সামর্থ্য সংহত করেই নয়, বরং অধিক দামের তৈরি পোশাক রপ্তানির দিকে নজর দিতে হবে। এর পাশাপাশি অন্যান্য রপ্তানি খাতে বৈচিত্র্য আনা দরকার।বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘বড় দেশগুলোর মন্দা কাটতে আরও সময় লাগবে। তবে দক্ষিণ আফ্রিকা এবং উত্তর আমেরিকার দেশগুলোতে রপ্তানি বাড়তে শুরু করেছে। এখন রপ্তানি বাড়াতে এসব নতুন বাজার নিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, এসব দেশে কর্মকর্তাদের মিশনে পাঠানোর আগে প্রশিক্ষণ দেওয়া দরকার। যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, তা স্থাপনে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে দ্বিপক্ষীয় বা একপক্ষীয় বাণিজ্য মেলা আয়োজন করলে ভালো ফল পাওয়া যাবে। মুর্শেদী বলেন, ‘ব্যাংকঋণের জন্য আমাদের চড়া সুদ গুনতে হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বেড়েছে। এসবের প্রভাবে উৎপাদন ব্যয় বেড়ে রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা হ্রাস পাচ্ছে।’ এসব বিষয় সুরাহা না হলে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।