রপ্তানি বাড়াতে নতুন বাজার সম্প্রসারণের কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে সরকার নতুন নতুন পণ্য ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন তালিকায় জাহাজ, তথ্যপ্রযুক্তি, পাটজাত ও হস্তশিল্প পণ্য রপ্তানিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার ইউএন-এসকাপ প্রকাশিত ‘এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১১’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এ তথ্য জানান। বাংলাদেশ ট্যারিফ কমিশন ও ইউনাইটেড নেশনস্ ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া ও দি প্যাসিফিক (ইউএন-এসকাপ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে আরও উপস্থিত ছিলেন: বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউএনএসকাপ প্রতিনিধি মিয়া মিকি। ফারুক খান বলেন, বিশ্বমন্দার পর বাংলাদেশসহ ১২টি দেশ এই সংকট কাটিয়ে উঠতে পেরেছে। তিনি আরও বলেন, ২০১০ সালের মন্দার ধকল সামলাতে না সামলাতেই বিশ্ববাণিজ্য আবার নতুন করে মন্দার আভাস দিচ্ছে। এ অবস্থায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে নতুন করে আভির্ভূত বিশ্বমন্দার ঝুঁকি মোকাবিলা কঠিন হয়ে পড়বে।মিয়া মিকি বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিবেশবান্ধব পণ্য ও প্রযুক্তির বাজারের পরিমাণ তিন হাজার কোটি ডলার। বাজারটি বর্তমানে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার দখলে রয়েছে। কিন্তু এসব দেশে শ্রমমূল্য বেড়ে গেছে। সেই হিসেবে সস্তা শ্রমের কারণে এই খাতে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১১’ এ ইউএনএসকাপ সদস্যভুক্ত ৫৮টি দেশের বিভিন্ন অর্থনৈতিক সূচকের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে আমদানি রপ্তানি প্রবৃদ্ধি, নিজেদের মধ্যে বাণিজ্য, সেবা খাত বাণিজ্য, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, বাণিজ্য সহজিকরণ সম্পর্কিত বিভিন্ন সূচক, শুল্ক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর সেবা খাতে বাংলাদেশের রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে। যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ।