বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে হলে শিল্প খাতে দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানের পণ্য উৎপাদন করতে হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার ‘এশিয়ার উন্নয়নশীল দেশসমূহে গুণগত ব্যবস্থাপনা পদ্ধতি আইএসও-৯০০১- এর বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বিএসটিআই এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের সহায়তায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো), ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন ও ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডোর প্রধান পরামর্শক নাইজেল এইচ ক্রফট।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়াজী, মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ, বিএসটিআইয়ের পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর আলোচনায় অংশ নেন।