রপ্তানি বাড়ার আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, সুইজারল্যান্ড ও তুরস্কে পণ্য রপ্তানির ক্ষেত্রে উৎসবিধির সংশোধন বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বার্টে লুন্ড গতকাল বুধবার এক সেমিনারে এই অভিমত ব্যক্ত করেন। নরওয়ে দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।রাগনে বলেন, ‘জিএসপি বিধানের পরিবর্তন বাংলাদেশ থেকে আমাদের অঞ্চলে রপ্তানি বাড়াতে সহায়তা করা উচিত। এলডিসি নয়, এমন দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতাও বাড়াবে।’সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে ইইউ ডেলিগেশনের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী। সেমিনারে বলা হয়, এক স্তরবিশিষ্ট উৎসবিধির কারণে বাংলাদেশের তৈরি পোশাক এখন অনেক সহজে ইউরোপের বাজারে প্রবেশ করতে পারবে। এতে করে দেশের পোশাক খাতের ভিত্তি আরও জোরদার হবে।এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর বিভিন্ন পণ্যের উৎসবিধি সহজ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। নরওয়ে, সুইজারল্যান্ড ও তুরস্কও এই ধারা অনুসরণ করে উৎসবিধি সহজ করবে। এক স্তরবিশিষ্ট প্রক্রিয়া মানে হলো, ফেব্রিক আমদানি করে তৈরি করা পোশাকও শুল্কমুক্ত সুবিধা পাবে। উল্লেখ্য, এত দিন ইইউতে দুই স্তর প্রক্রিয়াজাত করা তৈরি পোশাক জিএসপি সুবিধা পেত, যার মানে হলো আমদানিকৃত সুতা ব্যবহার করে প্রস্তুতকৃত পোশাক এই সুবিধার যোগ্য। অর্থাৎ শুধু নিট পোশাকই জিএসপি সুবিধা ব্যবহার করতে পারত। বর্তমানে ৭৮ শতাংশ তৈরি পোশাক জিএসপি পায়। বাকি ২২ শতাংশ (যা মূলত ওভেন পোশাক) গড়ে ১২ শতাংশ হারে শুল্ক দিয়ে ইইউতে প্রবেশ করে।