রপ্তানি বিষয়ে আখাউড়া স্থলবন্দরে কর্মশালা
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে গত সোমবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এই স্থলবন্দর ব্যবহারকারী প্রায় ৫০ জন আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী যোগ দেন।কর্মশালায় ব্যবসায়ীরা বলেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) আওতায় সনদপত্র সংগ্রহ করাই হলো এখানকার বড় সমস্যা। এই স্থলবন্দরে মাছসহ রপ্তানিমুখী পণ্য আসার পর প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করে কুমিল্লায় গিয়ে আপটা সার্টিফিকেট সংগ্রহ করতে হয়।কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইপিবির প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ।কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আখাউড়া উপজেলার চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আখাউড়া আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি মো. মোবারক হোসেন ভূঁইয়া, ইপিবির কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল হাসান, রপ্তানিকারক মো. ফারুক মিয়া প্রমুখ।