রপ্তানি বিষয়ে নির্দেশনা নেই
ইউরোপে ঋণসংকট ও যুক্তরাষ্ট্রে মন্দার কারণে রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিন্তু এ বিষয়ে বাজেটে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বরং কিছু নেতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।এমন মন্তব্যের পাশাপাশি ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বলেছে, ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার নিজেদের এমন পর্যবেক্ষণই তুলে ধরেছে ঢাকা চেম্বার। রাজধানীর মতিঝিলে চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আসিফ ইব্রাহীম বলেন, প্রস্তাবিত বাজেটের ৭৩ শতাংশ অর্থ রাজস্ব আদায়ের মাধ্যমে সংস্থানের কথা বলা হয়েছে। কিন্তু চলতি বছরে ব্যবসা ও বিনিয়োগের শ্লথগতি এবং অর্থনীতিতে বিভিন্ন ঝুঁকি বিদ্যমান। এ অবস্থায় বিপুল পরিমাণ রাজস্বের অতিরিক্ত ভার ব্যক্তি ও ব্যবসার উদ্যোক্তাদের ওপর বর্তালে প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে।আসিফ ইব্রাহীম বলেন, বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা ব্যাংকে তারল্যসংকট সৃষ্টি করবে। এতে ঋণের সুদের হার বাড়বে, যা উৎপাদনকে বাধাগ্রস্ত করবে। বাজেটে সব ধরনের রপ্তানির ওপর উৎসে কর ১ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটা সংকুচিত রপ্তানি আয়ের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে।করমুক্ত আয়ের সীমা না বাড়ানো, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই—এমন ব্যক্তির ব্যাংক আমানতের সুদের ওপর উৎসে কর ১৫ শতাংশ করা, মুঠোফোনের ওপর উৎসে করারোপ, পাইকারি ও খুচরা পর্যায়ে ৪ শতাংশ মূসক আরোপের সমালোচনা করেন আসিফ ইব্রাহীম। তিনি বলেন, উদ্যোক্তারা বিনিয়োগের নিশ্চয়তা, সরকারি নীতির ধারাবাহিকতা এবং এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতি আশা করেন। বাজেটে যেসব লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, তার বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন।কালোটাকা সাদা করার সুযোগের বিষয়ে আসিফ ইব্রাহীম বলেন, ‘কালোটাকা সাদা করার বিষয়ে আমাদের মতামত কিছুটা অন্যরকম। বিপুল পরিমাণ বেকারের কর্মস্থান সৃষ্টির জন্য এ সুযোগ দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কালোটাকা উৎপাদন খাতে বিনিয়োগের সঙ্গে ন্যূনতম ৫০০ লোকের কর্মসংস্থানের শর্ত জুড়ে দিয়ে এ সুযোগ দেওয়াকে আমরা সমর্থন করি।’বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সম্প্রতি বলেছেন, শ্রমিক অধিকারসংশ্লিষ্ট কিছু কারণে আগামী দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হুমকির মুখে পড়তে পারে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসিফ ইব্রাহীম বলেন, ‘শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র বেশ সংবেদনশীল। তবে তাদের বোঝাতে হবে আমাদের কারখানাগুলোতে ট্রেড ইউনিয়নের বদলে ওয়ার্কার্স পার্টিসিপেটরি কমিটি কাজ করছে। এটা কোনো অংশেই খারাপ না। রাষ্ট্রদূত যেহেতু এ কথা বলেছেন সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।’