রপ্তানি লক্ষ্য এবার ৩,৩২০ কোটি ডলার

দেশের পণ্য রপ্তানি আয়ে তিন হাজার কোটি ডলারের মাইলফলক অর্জিত হয়েছে। চলতি অর্থবছর ২০১৪-১৫ সেই আয়কে আরেক দফা বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩২০ কোটি মার্কিন ডলার, টাকার অঙ্কে যা দুই লাখ ৬৫ হাজার ৬০০ কোটি টাকা। আর প্রবৃদ্ধি ধরা হয়েছে ১০ দশমিক ০২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সভাকক্ষে গতকাল সোমবার বিকেলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সদ্য বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে তিন হাজার ১৭৬ কোটি মার্কিন ডলার। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি, তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম।
এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। অন্যথায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হতো। তবে চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
পোশাক ছাড়াও হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল খাতের রপ্তানি আয় ভালো হওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ছিল।
এদিকে চলতি অর্থবছর ৯ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি ধরে তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৮৯ কোটি ৭৩ লাখ ডলার। এর মধ্যে ওভেন পোশাকে এক হাজার ৩৬৮ কোটি ও নিট পোশাকে এক হাজার ৩২১ কোটি ডলার। এই দুই খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে যথাক্রমে ৯ দশমিক ৯৬ শতাংশ ও ৯ দশমিক ৬৭।
যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘সার্বিকভাবে রপ্তানির যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তা বাস্তবসম্মত ও অর্জনযোগ্য। তবে নিট ও ওভেন পোশাকের রপ্তানির প্রবৃদ্ধি ১০ শতাংশের কম ধরে মোট রপ্তানি ১০ শতাংশের বেশি হবে, এমনটি যুক্তিযুক্ত নয়। তৈরি পোশাকের রপ্তানি প্রবৃদ্ধিই মোট রপ্তানি প্রবৃদ্ধিকে পরিচালিত করে।’ সরকার কিছুটা রক্ষণশীলভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
হাতেম আরও বলেন, ‘যদি গ্যাস-সংকটের সমাধান করা যায়, তাহলে শুধু নিট পোশাকের রপ্তানিতেই ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।’
বিদায়ী অর্থবছরে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৪৪৯ কোটি ডলার। এর মধ্যে নিট পোশাকে এক হাজার ২০৪ এবং ওভেন পোশাকে এক হাজার ২৪৪ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। আর এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ। এই আয় ওই অর্থবছরের মোট পণ্য রপ্তানি আয়ের ৮১ দশমিক ১৭ শতাংশ।
এ ছাড়া চলতি অর্থবছর পাট ও পাটজাত পণ্যে ৮৩ কোটি ৫৩ লাখ ডলার, কৃষিজাত পণ্যে ৬৭ কোটি ৬১ লাখ, চামড়ায় ৬২ কোটি ৫০ লাখ ও প্লাস্টিক খাতে নয় কোটি, ওষুধে সাত কোটি ৩০ লাখ, হিমায়িত খাদ্যে ৭৩ কোটি ১০ লাখ, বাইসাইকেলে ১২ কোটি ১২ লাখ ডলার, আসবাবে পাঁচ কোটি ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি ও নতুন বাজার সৃষ্টির জন্য কাজ করছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলির সরকার আগামী বছরের জানুয়ারি থেকে বাংলাদেশকে শুল্ক ও কোটা সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। এ জন্য পুরোনো বাজার ধরে রেখে নতুন এই বাজারগুলোতে রপ্তানি বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।