রপ্তানি শক্তি থেকে সুযোগ কাজে লাগানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি সুযোগগুলোকে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ হয়ে উঠতে পারে রপ্তানির অন্যতম শক্তি। বিশেষত, চীনে শ্রম মজুরি বেড়ে যাওয়ায় শ্রমঘন বিভিন্ন শিল্প যেমন বস্ত্র, পাদুকা, আসবাবপত্র, খেলনা, ইলেকট্রিক্যাল পণ্য, গাড়ির যন্ত্রাংশ, প্লাস্টিক ইত্যাদি খাতের বিদেশি বিনিয়োগকারীরা শিল্প স্থাপনের জন্য বিকল্প স্থান খুঁজছেন। আর বাংলাদেশ হতে পারে অন্যতম বিকল্প।গতকাল শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) ১৬তম কাউন্সিলে নির্বাহী পরিষদের প্রতিবেদন উপস্থাপনকালে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান এসব কথা বলেন। আইসিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।কাউন্সিলে জাপানের নজিরবিহীন ভূমিকম্প ও সুনামিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে বলা হয়, জাপানের ভূমিকম্প ও পারমাণবিক সংকটের ফলে কম্পিউটার চিপস থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ সরবরাহ কমে যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে। সুদের হার বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কাউন্সিলে দেশের পুঁজিবাজারের বিপর্যয় সম্পর্কে আইসিসিবির সভাপতি বলেন, আপাতদৃষ্টিতে মনে হয়েছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা ক্রমাগত ফুলে ওঠা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বাজারে কারসাজির অভিযোগ আছে। ইতিমধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করেছে। মাহবুবুর রহমান সতর্ক করে দিয়ে বলেন, ব্যাংকের তারল্য সংকটের জন্য ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষত, নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে এটি মারাত্মক অসুবিধা। অর্থনীতির ভবিষ্যতের জন্য, বিশেষত, বেসরকারি খাতের জন্য, ব্যাংক তাদের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাহবুবুর রহমান আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে মিশ্র প্রবণতা দেখিয়েছে। তবে এটা বলা যায়, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। কেননা, বিভিন্ন সূচক ইতিবাচক রয়েছে। কিন্তু মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শেয়ারবাজারে অস্থিতিশীল অবস্থা, প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়া এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ২০১০ সালে বাংলাদেশ উদ্বেগ কাটিয়ে উঠতে পারেনি। সম্মেলনে অন্যান্যের মধ্যে আইসিসিবির সহসভাপতি স্যামসন এইচ চৌধুরী ও লতিফুর রহমান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সহসভাপতি মো. জসীমউদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম, মেট্রো চেম্বারের সহসভাপতি নিহাদ কবির, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।