রপ্তানি সুবিধা অর্থবহ করতে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যসহায়ক পরিবেশ নিশ্চিত করতে চায় ভারত। এ জন্য স্থলপথে পণ্য আনা-নেওয়ার প্রক্রিয়া সহজীকরণ, আমদানি ও রপ্তানির কার্যক্রমের সময়সীমা পুনর্বিন্যাস, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাফটা ত্বরান্বিত করাসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে ভারত।
অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে কাউন্টার ভেইলিং শুল্ক প্রত্যাহার, পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের সনদ অনুমোদন, সব শুল্ক স্টেশন দিয়ে সাবান রপ্তানির অনুমোদন, শুল্কসংক্রান্ত গোয়েন্দা তথ্য আদান-প্রদানসহ একগুচ্ছ প্রস্তাব দেবে বাংলাদেশ। ইতিমধ্যে প্রস্তাবগুলোর খসড়া তৈরির কাজ শুরু হয়েছে।
২১ ও ২২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী নবম শুল্কসংক্রান্ত যৌথ দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে ভারতের পক্ষে রাজস্বসংক্রান্ত সচিব সুমিত বোস প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের নেতৃত্ব বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবেন।
ইতিমধ্যে ভারত তাদের কার্যসূচির খসড়া বাংলাদেশের কাছে পাঠিয়েছে। বাণিজ্যসহায়তা, সাফটা, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা—এ চারটি খাতে আলোচনা করতে চায় ভারত। ইতিমধ্যে ভারতের প্রস্তাবগুলো পর্যালোচনা শুরু করেছে এনবিআর। তবে বাংলাদেশের পক্ষে কার্যসূচি চূড়ান্ত করার কাজ চলছে। ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন শুল্ক কর্মকর্তারা।
এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভারত বাণিজ্য সহজীকরণে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছে। ভারতের প্রস্তাব বাস্তবায়ন করতে এনবিআর নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বাণিজ্য, যোগাযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের মতামত নিতে হবে। এটি একটি সামগ্রিক বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশের সম্ভাব্য কার্যসূচি: বাংলাদেশের পক্ষ থেকে মূলত ভারতের দেওয়া শুল্কমুক্ত বাজারসুবিধা অর্থবহ করার জন্য আনুষঙ্গিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশে শতাধিক শুল্ক স্টেশন রয়েছে। এর মধ্যে ৩০ থেকে ৪০টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে বছরে কমপক্ষে একটি পণ্যের আমদানি-রপ্তানির চালান ভারতে আসা-যাওয়া করে। কিন্তু বাংলাদেশের শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো থাকলেও ভারতের প্রান্তে অবকাঠামো নেই বললেই চলে। তাই বাংলাদেশের আমদানি-রপ্তানিকারকেরা পণ্য আনা-নেওয়ায় উৎসাহিত হন না। আসন্ন বৈঠকে ভারতের অংশের শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো নির্মাণের তাগিদ দেওয়া হবে।

তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্তসুবিধা থাকলেও ভারত কাউন্টার ভেইলিং শুল্কারোপ করায় সুফল পাচ্ছেন না বাংলাদেশের রপ্তানিকারকেরা। বাংলাদেশ চায়, ভারত এই শুল্ক প্রত্যাহার করুক।

আবার বিএসটিআইয়ের মান সনদ সব পণ্যের ক্ষেত্রে অনুমোদন দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ। তাই ভারতের কোনো পরীক্ষাগার থেকে পণ্যের মান পরীক্ষা করতে হয় বাংলাদেশি রপ্তানিকারকদের। এতে পণ্য রপ্তানিতে সময় যেমন বাড়ে, তেমনি বাড়ে খরচও। বাংলাদেশের পক্ষ থেকে বিএসটিআই সনদ অনুমোদন দেওয়ার দাবি করা হবে।

এ ছাড়া ভারতের মতো প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে সব শুল্ক স্টেশনেও কার পাস সুবিধা চালু করতে চায় বাংলাদেশ। কার পাস ব্যবস্থা হলো ভারতের পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে পণ্য ওঠানো-নামানো করবে। আর বাংলাদেশের পণ্যবাহী ট্রাকও ভারতের ভূখণ্ডে গিয়ে পণ্য ওঠানো-নামানো করে ফিরে আসতে পারবে। বর্তমানে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরে এই কার পাস ব্যবস্থা রয়েছে।

ভারতের কার্যসূচি: স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও কার্যকর করতে দৈনিক সময়সীমা ও সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে ভারত। বর্তমানে ভারতের চেয়ে আধঘণ্টা আগে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ। আর বাংলাদেশে বেশির ভাগ স্থলবন্দর ও শুল্ক স্টেশনে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। আর ভারতে থাকে রোববার। ভারত চায়, দুই দেশের সীমান্ত সময় ও ছুটির দিন পুনর্বিন্যাস।

এতে জাতীয় রাজস্ব বোর্ডের আপত্তি নেই বলে জানা গেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্থলবন্দর কর্তৃপক্ষ, ব্যাংকসহ অন্য সহযোগী সংস্থাগুলোর মতামত নেওয়া প্রয়োজন বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।

এ ছাড়া সব শুল্ক স্টেশন দিয়ে কার পাস ব্যবস্থা প্রচলনের প্রস্তাব দিয়েছে ভারত। অন্যদিকে দুই দেশের কাস্টমস কর্মকর্তাদের প্রয়োজনে অবাধে সীমান্তের এপার-ওপার হওয়ার সুযোগও চায় ভারত। এ ছাড়া শুল্কায়নপদ্ধতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানাবে ভারত।

অন্যদিকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব ধরনের দলিল ইলেকট্রনিক পদ্ধতিতে বিনিময় করার প্রস্তাব দেবে ভারত। আর সরকারি বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে ভারত নিজেদের শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো উন্নয়ন করতে চায়। তাই বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

প্রসঙ্গত, বাংলাদেশের বেশির ভাগ স্থলবন্দরে বিল্ড ওন অপারেট ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।

এ ছাড়া মেঘালয়ের পূর্ব খাসিয়া পার্বত্য জেলার ইছামতী-বেলতলি দিয়ে বাংলাদেশের লুবিয়া গ্রামের মধ্য দিয়ে একটি বাণিজ্য পথ তৈরি করতে আগ্রহী ভারত। ১২৩৪/৩টি ও ১২৩৪/২এস সীমান্ত পিলার বরাবর এই রুটটি ব্যবহার করতে চায় ভারত। কিন্তু এই রুটে এনবিআরের আপত্তি রয়েছে বলে জানা গেছে।

অবশ্য শুল্কসংক্রান্ত গোয়েন্দা তথ্য আদান-প্রদানে ভারতের আগ্রহে বাংলাদেশের সম্মতি রয়েছে বলে জানা গেছে। তবে প্রতিটি শুল্ক স্টেশনে দুই দেশের একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দেবে বাংলাদেশ।