ইআরএফের কর্মশালায় এনবিআর চেয়ারম্যান দিলেন অর্থ পাচারের উদাহরণ
রপ্তানি ২৪০ কনটেইনার পণ্য এক ডলারও দেশে আসেনি
একজন ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে ২৪০ কনটেইনার পণ্য রপ্তানি করে বিদেশে পাঠিয়েছেন কিন্তু এক ডলারও দেশে আনেননি। এভাবে তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছেন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক তদন্তে টাকা পাচারের এ চিত্র উঠে এসেছে। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এ উদাহরণ দিয়েছেন। তিনি আরও জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে।
অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান টাকা পাচারের এ উদাহরণ টানেন। তবে তিনি ওই ব্যবসায়ীর নাম বলেননি। এনবিআরের চেয়ারম্যান আরও জানান, এমন আরও কিছু টাকা পাচারের ঘটনা উদ্ঘাটিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। তিনি বলেন, ‘টাকা পাচার রোধে এনবিআর এখন অনেক বেশি সক্রিয়।’
সেগুনবাগিচার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের অর্থনৈতিক প্রতিবেদক অংশ নেন। ভ্যাট অনলাইন প্রকল্প ও ইআরএফ যৌথভাবে এক দিনের এ কর্মশালার আয়োজন করে। সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজিবুর রহমান।
নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের আপত্তি নিয়ে এক প্রশ্নের জবাবে নজিবুর রহমান বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। আবার রাজনৈতিক নির্দেশনায় কাজও করছি।’
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘কর ব্যবস্থা এখন বিনিয়োগবান্ধব। ভীতিকর পরিবেশ তৈরি করতে চাই না। করদাতাদের হয়রানি করবেন, দুর্নীতির আশ্রয় নেবেন না—এ নির্দেশ দিয়েছি রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের। দুষ্টের দমন, শিষ্টের পালন—এ নীতি অনুসরণ করছি।’
কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে এনবিআরের সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন মূসক আইনে করের জাল বিস্তৃত হবে। তবে করের বোঝা বাড়বে না। নতুন আইনটি অর্থনীতির সব ধাপকে স্পর্শ করবে, যা বিদ্যমান আইনে সম্ভব নয়।
কর্মশালার বিভিন্ন অধিবেশনে এনবিআরের সদস্য রেজাউল হাসান, কমিশনার জাকিয়া সুলতানা, অতিরিক্ত কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান, ভ্যাট অনলাইন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জাকির হোসেন বক্তব্য দেন। এ ছাড়া আরও বক্তব্য দেন ইআরএফের সভাপতি সাইফ ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।