রপ্তানিকারকদের আপিল করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটপণ্য রপ্তানিতে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে বাংলাদেশের রপ্তানিকারকেরা আপিল করতে পারবেন। এই আপিল করতে হবে ভারতের কাস্টমস, এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে।
এ তথ্য জানিয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশন রপ্তানিকারকদের একটি চিঠি দিয়ে আপিল করার অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে ট্যারিফ কমিশন সহযোগিতা করবে।
নিয়ম অনুযায়ী, শুল্ক আরোপের পর থেকে ৯০ দিনের মধ্যে আপিল করতে হয়। ভারতের ডিরেক্টরেট অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজের (ডিজিএডি) সুপারিশের পর ৫ জানুয়ারি ভারতের অর্থ মন্ত্রণালয় এই শুল্ক আরোপ করে। ফলে ব্যবসায়ীদের হাতে এখন প্রায় ২ মাস ১০ দিন সময় আছে।
ভারত শুল্ক আরোপ করেছে কোম্পানিভেদে ভিন্ন ভিন্ন হারে। ফলে আপিল করতেও তাদের নিজস্ব নথিপত্র ও হিসাব নিয়ে আপিল করতে হবে। বাংলাদেশের পাটপণ্য রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত একটি কোম্পানি শুল্ক আরোপের বিরুদ্ধে আপিল করার চিন্তা করছে। অনেকে বিষয়টি ভালোভাবে বোঝেন না।
এ বিষয়ে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) জানায়, ট্যারিফ কমিশনের চিনি তারা পেয়েছে। সংগঠনটির সভাপতি আহমদ হোসেনের বক্তব্য চাওয়া হলে তিনি অ্যাসোসিয়েশনের কার্যালয়ের মাধ্যমে বলেন, তাঁরা আপিলের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন।
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে। গত ২০১৫-১৬ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে প্রায় ৯২ কোটি মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। এর মধ্যে পাটসুতা ৫৬ কোটি এবং চট ও পাটের বস্তা রপ্তানি আয় ১২ কোটি ডলার। পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার তুরস্ক। দ্বিতীয় হচ্ছে ভারত। সেখানে প্রায় দুই লাখ টন পাটসুতা, বস্তা ও চট রপ্তানি হয়। এর মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার টন পাটসুতা। ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের গেজেট অনুযায়ী, বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে আগামী পাঁচ বছর পর্যন্ত ১৯ থেকে ৩৫২ মার্কিন ডলার পর্যন্ত শুল্ক দিতে হবে। এতে রপ্তানি করা কঠিন হবে বলে মনে করছেন তাঁরা।
এদিকে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক স্থগিত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশি রপ্তানিকারকেরা। তাঁরা বলেছেন, শুল্ক দিয়েই ভারতে পাটপণ্য রপ্তানি হচ্ছে। ভারতের আমদানিকারকদের সঙ্গে কথা বলে তাঁরা আরও জানান, ভারতীয় আমদানিকারকেরা এ নিয়ে আদালতে কোনো আপিল করেননি।
উল্লেখ্য, গত বছর পাকিস্তান বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। পরে রপ্তানিকারকেরা এর বিরুদ্ধে আপিল করেন। অবশ্য এখন পর্যন্ত বিষয়টির সুরাহা হয়নি।