রপ্তানিকারকদের বাড়তি সুবিধা দেবে ভারত

রপ্তানিকারকদের সুবিধা দিতে ভারত সরকার সে দেশের বৈদেশিক রপ্তানিনীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমান রপ্তানিনীতি অনুযায়ী সব খাতে প্রণোদনা না দিয়ে অধিক সম্ভাবনাময় বস্ত্র, প্রকৌশল ও ওষুধ খাতে বেশি পরিমাণে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। খবর বিজনেস লাইনের।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার মতো বড় বাজারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে প্রচারণানীতির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
আগামী সপ্তাহে ইউনিয়ন বাজেট (কেন্দ্রীয় বাজেট) পেশ হওয়ার পর ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ২০১৪-২০১৯ পর্যন্ত পাঁচ বছরমেয়াদি বৈদেশিক বাণিজ্যনীতি প্রণয়ন করবে। এর কাজ ইতিমধ্যে গুছিয়ে আনা হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শ্রমঘন রপ্তানিপণ্যের ওপর যে ‘সুদছাড় কর্মসূচি’ চালু ছিল, সেটি যেন অর্থ মন্ত্রণালয় আবার চালু করে সে চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য, শ্রমঘন রপ্তানিপণ্যের ওপর সুদছাড় কর্মসূচি এ বছরের ৩১ মার্চ স্থগিত করে অর্থমন্ত্রণালয়।
ভারতের কেন্দ্রীয় সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আলাদাভাবে পণ্য ও বাজারের ওপর প্রণোদনা না দিয়ে এবার আমরা বাজারসংযুক্ত পণ্যের ওপর রপ্তানি প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা করেছি। রপ্তানিপণ্যের প্রচারণা ও বাজারজাতকরণ নিয়েও আমাদের অনেক পরিকল্পনা আছে। এবার সেবা খাতের রপ্তানি প্রচারণায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।’
বাজারসংযুক্ত পণ্য বলতে যে বাজারে যে পণ্য অধিক রপ্তানি হয় বা চাহিদা বাড়ছে, সেই বাজারের জন্য সেই পণ্যকে গুরুত্ব দেওয়া।
ভারত ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। মূলত বড় রপ্তানি বাজারগুলোতে অর্থনৈতিক মন্দার কারণেই এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। যদিও এ সময়ে ভারতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ এবং রপ্তানি আয় হয়েছে প্রায় ৩১২ বিলিয়ন মার্কিন ডলার।
ভারতে বর্তমানে পণ্যমুখী, বাজারমুখী ও বাজারসংযুক্ত পণ্যের ওপর রপ্তানি প্রণোদনা দেওয়া হয়। ৭৫০টির অধিক পণ্য ও ১৫০টি রপ্তানি বাজার এ নীতির আওতায় প্রণোদনা পেয়ে আসছে।
বাণিজ্য মন্ত্রণালয় ভারতীয় রপ্তানিকারকদের বর্তমান প্রণোদনা হার ২ থেকে ৫ শতাংশকে আরও বাড়াতে চায়। তবে মন্ত্রণালয় মনে করে, এ হার যথেষ্ট নয়।
চীন, রাশিয়া এবং ব্রাজিলের মতো বড় বাজারগুলোতে প্রচারণা জোরদার করার ওপর বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে এ বারের বাণিজ্যনীতিতে।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) মহাপরিচালক অজয় সাহাই বলেন, ‘সঠিকভাবে প্রণোদনা পেলে চীনের ওষুধের বাজারের একটি বড় অংশ ভারতের রপ্তানিকারকেরা দখল করতে পারবে। রাশিয়াতেও আমাদের রপ্তানির ভালো সুযোগ রয়েছে, কারণ তাদের মোট আমদানির ক্ষুদ্র একটি অংশ ভারত থেকে যায়।’
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের যে মুক্ত বাণিজ্য চুক্তি
করতে যাচ্ছে, সেগুলোকে কাজে লাগিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বৈদেশিক বাণিজ্য বাড়াতে কাজ করে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেসব দেশে আমাদের রপ্তানিকারকেরা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পায়, তাদের যদি রপ্তানি প্রণোদনা দেওয়া যায়, তাহলে সেসব দেশে আমাদের মোট রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে।’