রপ্তানিকারকদের মাথায় হাত!

তৈরি পোশাকশিল্প মালিকদের করপোরেট করের ক্ষেত্রে ছাড় দিলেও কৌশলে তাঁদের ওপর উৎসে কর বাড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি নিট ও ওভেন পোশাক রপ্তানিতে উৎসে কর হার বাড়িয়ে আড়াই গুণ করেছেন। ফলে পোশাক রপ্তানিকারকদের এখন থেকে রপ্তানি মূল্যের (এফওবি) ওপর শূন্য দশমিক ৬০ শতাংশের পরিবর্তে দেড় শতাংশ হারে উৎসে কর দিতে হবে। তবে তাঁদের করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তৈরি পোশাক রপ্তানিকারকেরা রপ্তানি মূল্যের ওপর উৎসে কর দেন, যা চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচিত। তাই করপোরেট কর হার কমানো হলেও তাঁদের ওপর করের ভার কমবে না। এখানেই কৌশল করেছেন অর্থমন্ত্রী। কেননা উৎসে যে কর কেটে রাখা হয়, বছর শেষে তা ২০ শতাংশ করপোরেট কর হিসেবে ধরা হবে। সহজভাবে বলা যায়, এতে তৈরি পোশাক কারখানার মালিকেরা শুধু তাঁদের মুনাফা বাড়িয়ে দেখাতে পারবেন। কোনো পোশাক রপ্তানিকারক যদি সারা বছরে রপ্তানি করে ২০ কোটি টাকা উৎসে কর দিয়ে আসেন, তাহলে ওই রপ্তানিকারক বছর শেষে ২০ শতাংশ হারে ২০ কোটি টাকা করপোরেট কর দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। ৮০ কোটি টাকা প্রকৃত মুনাফা ধরা হবে।
এ বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির প্রথম আলোকে বলেন, অনেক কারখানার মালিক রপ্তানিমূল্যের ওপর ১-২ শতাংশ মুনাফা করেন। দেড় শতাংশ উৎসে কর কাটলে তাঁরা ঝরে পড়বেন। এটা কোনোভাবেই বিনিয়োগবান্ধব সিদ্ধান্ত হয়নি।
শুধু তৈরি পোশাক খাত নয়; এ খাতের টেরিটাওয়েল, কার্টন ও অ্যাকসেসরিজ রপ্তানিকারকদের ওপর দেড় শতাংশ হারে কর বসানোর প্রস্তাব করা হয়েছে।
এর পাশাপাশি পাট ও পাটজাতীয় পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্যাকেটজাত খাদ্য, হিমায়িত খাদ্য এবং সবজি রপ্তানিকারদের ওপরও দেড় শতাংশ হারে উৎসে কর বসানো হয়েছে।
গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অর্থমন্ত্রীর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতির নেতারা হিমায়িত খাতের ওপর উৎসে কর শূন্য দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন।
অর্থমন্ত্রী এবারের বাজেটে রপ্তানিকারকদের সঙ্গে একধরনের লুকোচুরি খেলেছেন। ২০১৩-১৪ অর্থবছরে এসব খাতের ওপর তিনি শূন্য দশমিক ৮ শতাংশ হারে উৎসে কর বসিয়েছিলেন। কিন্তু রপ্তানিকারকদের আপত্তির মুখে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তৈরি পোশাক ও আনুষঙ্গিক পণ্য রপ্তানিকারকদের ওপর শূন্য দশমিক ৬ শতাংশ হারে উৎসে কর আরোপ করেন। অন্য পাঁচটি খাতে উৎসে কর হার শূন্য দশমিক ৮ শতাংশেই রাখা হয়।
বর্তমান উৎসে কর হারের সময়সীমা শেষ হবে আগামী ৩০ জুন। এরপর পুরোনো কর হারে ফেরত যাওয়ার কথা থাকলেও তাতে এখন বাদ সেধেছেন অর্থমন্ত্রী। নতুন করে দেড় শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন তিনি।
গত ২০১৪-১৫ অর্থবছরে দেশ থেকে ২ হাজার ৫৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে এই খাত থেকে।