রপ্তানিকারকেরা উদ্বিগ্ন সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়াসহ দেশের বিভিন্ন পোশাকশিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ-অসন্তোষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে একাধিক বাণিজ্য সংগঠন। বাংলাদেশ রপ্তানিকারক সংগঠন (ইএবি), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার তাদের উদ্বেগের কথা জানায়গত ১১ জুন থেকে বেতন ও বাড়িভাড়া বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে ১৬ জুন সংবাদ সম্মেলন করে আশুলিয়ার সব কারখানা বন্ধ ঘোষণা করে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এর সঙ্গে সংহতি জানিয়েছেন ঢাকার তৈরি পোশাক কারখানা মালিকেরাও।বাংলাদেশ চেম্বার: রাজধানীর মতিঝিলের নিজস্ব ভবনে গতকাল বাংলাদেশ চেম্বারের বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে সভায় বিসিআইয়ের পরিচালকেরা বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় পোশাক খাতে রপ্তানি আদেশ কমতে শুরু করেছে। গত কয়েক দিনে প্রায় ১০০-এর মতো রপ্তানি আদেশ বাতিল করা হয়েছে। অনেকগুলো আদেশ স্থগিতও করা হয়েছে। আবার বড় বড় অনেক ক্রেতা বাংলাদেশ থেকে চীনে চলে যাচ্ছে। বাতিল হওয়া আদেশগুলো পাচ্ছে চীন। এ অবস্থায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের নতুন ক্রেতা খুঁজে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।ইএবি: রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিন ধরে আশুলিয়া শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলো বন্ধ রয়েছে। এর প্রভাব হবে মারাত্মক। তাই দেশের অর্থনীতির স্বার্থে উদ্ভূত শ্রমিক অসন্তোষের ঘটনার সন্তোষজনক সমাধানের জন্য জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে রপ্তানিকারক সমিতি।বিজিএপিএমইএ: সমিতির পক্ষে সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, ‘আশুলিয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শুধু পোশাকশিল্প নয়, সামগ্রিক অর্থনীতি বিরাট হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। আমাদের ধারণা, পোশাক খাতে এই ধ্বংসাত্মক পরিস্থিতির সঙ্গে দেশি-বিদেশি চক্রান্তকারীরা জড়িত।’ এ জন্য জাতীয় স্বার্থে শ্রমিকদের সংযত আচরণ এবং শ্রমিক সংগঠনগুলোকে একটি যৌক্তিক সমাধানে আসার জন্য আহ্বান জানান তিনি।