রপ্তানিতে অবস্থান ধরে রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি ২০২০ সাল পর্যন্ত বাড়বে। পোশাক কারখানা কর্মপরিবেশ নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের এ খাত নিয়ে এমন আশাবাদের কথাই বলছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ আশাবাদের পেছনের যুক্তি, পোশাক কেনার ক্ষেত্রে এখন পর্যন্ত চীনের পর বাংলাদেশই হচ্ছে ক্রেতাদের প্রথম পছন্দ। কারণ, এখানে শ্রমিকদের কম মজুরি, শ্রমিক প্রাচুর্য, কর্মদক্ষতা ও পণ্যের ভালো মান।
এ তথ্যের সত্যতাও মিলছে। গত বছর এপ্রিল মাসে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাত ইমেজ সংকটে পড়ে। তখন পোশাক রপ্তানি মুখ থুবড়ে পড়বে এমন আশঙ্কাও ছিল। তবে পরিসংখ্যান বলছে, গত এক বছরের বেশি সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। পাশাপাশি নতুন বেশ কয়েকটি বাজারে পোশাক রপ্তানি বাড়ছে, যা খুবই ইতিবাচক।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের প্রথম প্রান্তিকে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির পরও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। নিট এবং ওভেন দুই উপখাতেই প্রবৃদ্ধি হয়।
গত অর্থবছর পোশাক রপ্তানিতে ইইউর বাজারে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ। রপ্তানি হয়েছে এক হাজার ৪৭৪ কোটি ডলার। অর্থমূল্যের ভিত্তিতে এই আয় ২০১২-১৩ অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৪ শতাংশ বেশি। এর পেছনে বড় ভূমিকা নিটের। পরিমাণের দিক দিয়ে এ উপখাতের রপ্তানি প্রবৃদ্ধি ১৯ দশমিক ১ শতাংশ।

.
.


তবে আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। রপ্তানি হয়েছে ৫১৪ কোটি ডলার। নিট এবং ওভেন উপখাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫ দশমিক ৯ শতাংশ ও ২ শতাংশ। সার্বিকভাবে এ বাজারে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ।
রানা প্লাজা ধসের পর জিএসপি স্থগিত, কারখানার কর্মপরিবেশ, শ্রমিক অধিকার ইত্যাদি বিষয় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমার পেছনে কাজ করেছে বলে মনে করে বিশ্বব্যাংক। আর এ জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের হিস্যা প্রায় একই জায়গায় স্থির থাকলেও প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের বেড়েছে। এদিকে চলতি অর্থবছরে প্রথম দুই মাস এই বাজারে রপ্তানি চিত্রও খুব একটা আশাব্যঞ্জক নয়। গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ।
অবশ্য যেসব কারণে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমেছে সেসব বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং জাতীয় কর্মপরিকল্পনার অধীনে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পরিদর্শন কার্যক্রম চলছে। এসব তথ্য দিয়ে বিশ্বব্যাংক বলছে, কারখানার মালিকেরা আগের চেয়ে সতর্ক হয়েছেন। তাঁরা অগ্নি ও ভবন নিরাপত্তা নিশ্চিতে বিনিয়োগ করছেন। তা ছাড়া ঠিকায় (সাবকন্ট্রাক্ট) কাজ দেওয়ার আগে মালিকেরা সাবধানতা অবলম্বন করছেন। ঝুঁকিপূর্ণ কারখানা স্থানান্তর করছেন।
পোশাক খাতের সামগ্রিক উন্নয়নে বিজিএমইএসহ মালিক সংগঠনগুলোকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তাদের বক্তব্য, আগে থেকেই কারখানা কর্মপরিবেশ নিরাপদ ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের পোশাকশিল্পকে আজকের এ সমস্যায় পড়তে হতো না।