রপ্তানিতে নগদ সহায়তা পাবে ২৭ শিল্প খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি খাতকে চাঙা ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকতে ২৭ খাতকে ভর্তুকি বা নগদ সহায়তা দেবে সরকার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে পণ্য রপ্তানির বিপরীতে এই সুবিধা পাবে রপ্তানিকারকেরা।

তথ্যপ্রযুক্তি, সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি পাদুকা, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালসে ইনগ্রিডিয়েন্টস্ (এপিআই), অ্যাকুমুলেটের ব্যাটারি ও নারকেল ছোবড়ার আঁশ দ্বারা উৎপাদিত পণ্য চলতি অর্থবছরে ভর্তুকি বা নগদ সহায়তার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে। কিছু খাতে নগদ সহায়তার হারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি অর্থবছরে সফটওয়্যার, ইনফরমেশন টেকনোলজি এনাবেলড সার্ভিসেস (আইটিইএস) ও হার্ডওয়্যার রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সিনথেটিক ও ফেব্রিকসের তৈরি পাদুকা রপ্তানিতে ১৫ শতাংশ, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালসে ইনগ্রিডিয়েন্টস্ (এপিআই) রপ্তানিতে ২০ শতাংশ, অ্যাকুমুলেটের ব্যাটারি রপ্তানিতে ১৫ শতাংশ এবং নারকেল ছোবড়ার আঁশ দ্বারা উৎপন্ন পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া চলতি অর্থবছরে হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে উৎপাদিত হস্তশিল্প রপ্তানিতে নগদ সহায়তা ৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ, আলু রপ্তানিতে ১০ থেকে ২০ শতাংশ, সাভারে চামড়াশিল্প নগরীতে স্থানান্তরিত শিল্পপ্রতিষ্ঠান থেকে ক্রাস্ট ও ফিনিশড লেদার রপ্তানিতে ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ এবং পাটজাত চূড়ান্ত দ্রব্য রপ্তানিতে সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে দেশে উৎপাদিত কাগজ ও কাগজজাতীয় দ্রব্য রপ্তানিতে ১০ শতাংশ এবং আগর ও আঁতর রপ্তানিতে ২০ শতাংশ ভর্তুকির বিষয়টি অপরিবর্তিত আছে।

এদিকে গত অর্থবছরের প্রথমে ঘোষিত ২০টি পণ্যে নগদ সহায়তা অপরিবর্তিত রাখা হয়েছে। এসব পণ্য যে পরিমাণ রপ্তানি করবে তার মূল্যের বিপরীতে সর্বনিম্ন ২ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। খাতগুলো হলো রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ৪ শতাংশ, বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা ৪ শতাংশ, নতুন পণ্য বা বাজার সম্প্রসারণ সহায়তা (আমেরিকা, কানাডা ও ইইউ ব্যতীত) ৩ শতাংশ, ইউরো অঞ্চলে বস্ত্র খাতে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান ৪ শতাংশের অতিরিক্ত বিশেষ সহায়তা ২ শতাংশ, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষি পণ্যে ২০ শতাংশ, গরু-মহিষের নাড়ি, ভুঁড়ি, শিং ও রগ (হাড় ব্যতীত) রপ্তানিতে ১০ শতাংশ, হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ, শতভাগ হালাল মাংস রপ্তানিতে ২০
শতাংশ, বরফ আচ্ছাদনের হারভেদে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি থেকে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে।

চামড়াজাত পণ্য ও আসবাব রপ্তানিতে ১৫ শতাংশ; জাহাজ, প্লাস্টিক পণ্য ও পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে ১০;  শস্য ও শাকসবজির বীজ এবং পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানিতে ২০ শতাংশ; পাটজাত দ্রব্যাদি রপ্তানিতে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাওয়া যাবে।