রপ্তানিতে প্রতিবেশীদের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। চলতি বছরে পার্শ্ববর্তী দেশগুলোর রপ্তানি কমলেও বাংলাদেশের বেড়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমদ গত বৃহস্পতিবার সিলেটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত দেন। তাঁর মতে, বর্তমানে শিপিং খাতে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা সবচেয়ে বেশি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইপিবির সিলেট কার্যালয় যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। সিলেট চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘হিমায়িত সবজি রপ্তানি: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনার।সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোস্ট হারভেস্ট হ্যান্ড লিমিটেডের কোয়ালিটি অ্যাসুরেন্স বিশেষজ্ঞ মোহাম্মদ সালেহ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম হায়দার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক জয়দেব রায়। সেমিনারে ইপিবির ঢাকার প্রধান কার্যালয়ের পরিচালক ওমর ফারুক, উইমেন্স বিজনেস ফোরাম সিলেটের সভাপতি আনোয়ারা খাতুন, জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রুপ সিলেটের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ বক্তব্য দেন। সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ থেকে প্রায় ১৭০টি পণ্য রপ্তানি হয়। কিন্তু রপ্তানি আয়ের শতকরা ৯০ ভাগই আসে চারটি পণ্য থেকে। এর মধ্যে নিটওয়্যার থেকে ৪১ দশমিক ৩ শতাংশ, গার্মেন্টস বা পোশাক থেকে ৩৮ শতাংশ, কৃষিজাত পণ্য থেকে ৭ দশমিক ৫ শতাংশ এবং হোম টেক্সটাইল থেকে ৩ শতাংশ।