রপ্তানিতে প্রবৃদ্ধি কিছুটা কমেছে

দেশের পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রবৃদ্ধি আগস্টে আর ধরে রাখা গেল না। জুলাই মাসে রপ্তানিতে সাড়ে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও আগস্ট শেষে তা দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশে। তবে এবার বহুদিন পর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্টে) ৬১৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি বা ৬৬২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ে অর্জিত ৫৮২ কোটি ২৯ লাখ ডলারের চেয়ে ১৩ দশমিক ৮৪ শতাংশ বেশি। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার। গত অর্থবছর আয় হয় ৩ হাজার ৪৬৫ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা যায়, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইলের মতো প্রথম সারির পণ্য রপ্তানি প্রবৃদ্ধি জুলাইয়ের চেয়ে আগস্টে কমেছে। সে জন্য সামগ্রিক পণ্য রপ্তানি প্রবৃদ্ধিও কমে গেছে। তবে পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি জুলাইয়ের চেয়ে আগস্টে বেড়েছে।
পণ্য রপ্তানি আয়ে শীর্ষ খাত তৈরি পোশাকশিল্প চলতি অর্থবছরে প্রথম মাসে ঘুরে দাঁড়িয়েছিল। গত অর্থবছর দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হলেও জুলাইয়ে পোশাক রপ্তানিতে ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়। তবে এক মাসের ব্যবধানে খাতটির প্রবৃদ্ধি কমে ১৪ শতাংশে নেমে এসেছে। প্রথম দুই মাসে ৫৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এর মধ্যে নিট পোশাকে ২৮৭ কোটি ডলার এবং ওভেন পোশাক রপ্তানি থেকে ২৬৫ কোটি ডলার এসেছে।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, ‘পোশাক খাত নানা সমস্যায় জর্জরিত। সেই হিসাবে বর্তমানে যে প্রবৃদ্ধি হয়েছে সেটিকে আমরা সন্তোষজনক বলতে চাই। তবে আরও দুই-তিন মাস না গেলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না।’ তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে আমরা উৎপাদন সক্ষমতায় পিছিয়ে পড়ছি। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের কনটেইনার জটিলতার জন্য লিড টাইমে মার খাচ্ছি। এসব সমস্যার সমাধান না হলে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা কম।
পোশাক রপ্তানির পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। অর্থবছরের প্রথম দুই মাসে খাতটির রপ্তানি আয় ২৪ কোটি ৮৩ লাখ ডলার। এই আয় গত বছরের একই সময়ের ২২ কোটি ৬৭ লাখ ডলারের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বেশি। তবে অর্থবছরের প্রথম মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
জানতে চাইলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন প্রথম আলোকে বলেন, গত এপ্রিলে হাজারীবাগের ট্যানারি বন্ধ হয়ে যায়। তখন অনেক ক্রয়াদেশ অন্য দেশে চলে যায়। সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরীতে ট্যানারিগুলো চালু হলেও ক্রেতারা এখনো পর্যবেক্ষণ করছেন। তা ছাড়া গত মাসে আবার ইউরোপে গ্রীষ্মকালীন ছুটি ছিল। এ জন্য চামড়া পণ্য রপ্তানি কমেছে।
এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১৫ কোটি ৫৩ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য, ১৪ কোটি ডলারের হোম টেক্সটাইল, ১২ কোটি ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে।