ঘন ঘন হরতালে দেশের অর্থনীতিই সবচেয়ে বেশি ক্ষতি হয়। রাজনীতিতে অস্থিরতা অব্যাহত থাকলে অর্থনীতিতে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে দেশের বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।কাল সোমবার ও পরশু মঙ্গলবারের হরতালের আগে এভাবেই উদ্বেগের কথা জানিয়েছে দেশের পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তারা হরতালের মতো ক্ষতিকর রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বিজিএমইএ ও বিকেএমইএ বলেছে, গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ১২ দিনের হরতাল ও এক দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে একাধিক রাজনৈতিক দল। এভাবে একের পর এক হরতাল হলে বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী পোশাকশিল্পের অস্তিত্ব কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হবে না।বিজিএমইএ ও বিকেএমইএ মনে করে, হরতালের কারণে তৈরি পোশাকশিল্পের মাঝারি ও ছোট কারখানাগুলোর রুগ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিঘ্নিত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ ছাড়া হরতালের সময় আমদানিকৃত কাঁচামালের চালান বন্দর থেকে খালাস করা সম্ভব হয় না। এর প্রভাব পড়ছে উৎপাদন ব্যবস্থায়। অন্যদিকে সময়মতো পণ্য রপ্তানি করতে না পারলে ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছেন বিদেশি ক্রেতারা। অনেক উদ্যোক্তাই লিড টাইম বা নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে লোকসান দিয়ে আকাশ পথকেই বেছে নিচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রা হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।বিজ্ঞপ্তিতে আর বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকার অর্থনীতিতে চলমান দুর্বলতা ও জিএসপি বা অগ্রাধিকারমূলক সুবিধা প্রত্যাহারসহ নানা চ্যালেঞ্জের মধ্যে আছে তৈরি পোশাক খাত। তার পরও চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিন্তু হরতালের মতো সহিংস রাজনৈতিক কর্মসূচি পোশাক খাতকে পিছিয়ে দিচ্ছে।