রপ্তানিমুখী পণ্য জাহাজীকরণে অনিশ্চয়তা
টানা হরতালে বিদেশে কনটেইনারভর্তি রপ্তানি পণ্য পাঠানো নিয়ে রপ্তানিকারকেরা বারবার সংশয় ও অনিশ্চয়তায় পড়ছেন।রপ্তানিকারকেরা অভিযোগ করে বলেন, দুই দফায় টানা তিন দিন ও দুই দিনের হরতালের কারণে কারখানা থেকে বেসরকারি ডিপোতে এবং সেখান থেকে বন্দরে রপ্তানিমুখী পণ্য পরিবহন কার্যত বন্ধ থাকে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টানা ৩৬ ঘণ্টার হরতাল শেষ হলেও সিঙ্গাপুরমুখী জাহাজে পর্যাপ্ত রপ্তানি কনটেইনার বোঝাই করা যাবে কি না, তা নিয়ে সংশয় আছে। কারণ, আজ বুধবার দুপুরেই তিনটি জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসব জাহাজে যেসব রপ্তানি কনটেইনার বোঝাই হওয়ার কথা ছিল, সেগুলো গতকাল সন্ধ্যা পর্যন্ত বেসরকারি ডিপোতে পড়ে থাকতে দেখা গেছে।প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনসের (পিআইএল) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ বুধবার ‘এমভি স্মাইলি লেডি’ নামে তাঁদের একটি কনটেইনারবাহী জাহাজ সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে। মঙ্গলবার (গতকাল) রাতের মধ্যে যেসব কনটেইনার বোঝাই করা যাবে, শুধু সেগুলো নিয়েই জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে। বেসরকারি ডিপো সূত্রে জানা গেছে, সময়মতো বিদেশি ক্রেতার হাতে পণ্য পৌঁছাতে রপ্তানিকারকেরা এখন ঝুঁকি নিয়েও বন্দরে পণ্যভর্তি কনটেইনার পাঠাচ্ছেন। যেমন, গত সোমবার মধ্যরাতে পুলিশের সহায়তায় সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিক ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি ৮০ একক কনটেইনার বন্দরে নেওয়া হয়। এভাবে তিনটি ডিপো থেকে ৩৫০ একক কনটেইনার বন্দরে নেওয়া হয়।জানতে চাইলে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, সকাল-সন্ধ্যা হরতাল হলে রাতের মধ্যে কারখানা থেকে ডিপোতে এবং ডিপো থেকে বন্দরে রপ্তানি পণ্য পাঠানো যায়। কিন্তু টানা হরতালের আঘাত কাটিয়ে উঠতে অনেক বেশি হিমশিম খেতে হয়।