রপ্তানিমুখী পোশাকশিল্প সংশ্লিষ্ট বন্ড কার্যক্রম সহজ করা হবে
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের এই শিল্পসংশ্লিষ্ট বন্ডের বিভিন্ন কার্যক্রম সহজ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।চট্টগ্রামের কাস্টম বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. মতিউর রহমান গতকাল সোমবার বিজিএমইএর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই আশ্বাস দেন। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক এ এম চৌধুরী সেলিম, সাবেক প্রথম সহসভাপতি শাহাবুদ্দিন আহম্মদ চৌধুরী, চট্টগ্রামে কাস্টমবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মঈনউদ্দিন আহমেদ এবং সাবেক পরিচালক ইশতিয়াক রহমান ও হাসানুজ্জামান চৌধুরী বক্তব্য দেন।সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক নাফিদ নবী, আবদুল ওহাব, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল ও সাব্বির মোস্তফা এবং সাবেক পরিচালক লিয়াকত আলী চৌধুরী ও মোহাম্মদ মুসা।মো. মতিউর রহমান বলেন, কাষ্টমস বন্ড পদ্ধতি সম্পর্কে পোশাকশিল্পে কর্মরত বাণিজ্যিক কর্মকর্তাদের যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা না থাকায় কাস্টম বন্ড কমিশনারেট কার্যালয়কে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা নিরসনকল্পে তিনি বন্ডের বিধিবিধান প্রতিপালনের বিষয়ে জোর দেন।