রপ্তানিমুখী প্রবৃদ্ধি বনাম দেশজ চাহিদা
ঘুরেফিরে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিষয়টি দেশের উন্নয়ননীতি বিতর্কে উঠে এসেছে। বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার পর এখন আবার এ বিষয়ে বিতর্কটা নতুন মাত্রা পেয়েছে। সোজা কথায় বললে, রপ্তানিমুখী কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ানো হবে নাকি দেশের ভেতরেই চাহিদা বাড়িয়ে প্রবৃদ্ধি ধরে রাখা হবে, তা নিয়ে বিতর্ক। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ) চলতি বছরের যে অর্থনৈতিক ও সামাজিক সমীক্ষা প্রকাশ করেছে, তাতে এই বিতর্কটাই উসকে দেওয়া হয়েছে বলে মনে করা যেতে পারে।সম্প্রতি ঢাকায় ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) আয়োজনে এসকাপের এই প্রতিবেদনের ওপর যে আলোচনা হয়, সেখানেই এ বিতর্কটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উঠে আসে। দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মধ্যকার আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হয় যে এসকাপের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যখন আঞ্চলিক ভিত্তিতে কোনো পরামর্শ দেয়, তখন তাতে অঞ্চলের অগ্রসর ও বড় দেশগুলোই অধিকতর গুরুত্ব পায়। ফলে পরামর্শগুলো সামগ্রিকভাবে অঞ্চলের জন্য সবসময় বাস্তবসম্মত হয় না। বিষয়টি এ রকম যে দক্ষিণ এশিয়ার জন্য যখন কোনো নীতি পরামর্শ দেওয়া হয়, তখন ভারতের অর্থনীতির অবস্থা অনেক বেশি ভূমিকা রাখে। কারণ, দক্ষিণ এশিয়ার সিংহভাগজুড়েই আছে ভারত। অন্যদের চেয়ে দেশটির অর্থনৈতিক অবস্থাও এগিয়ে। ফলে নীতি-পরামর্শগুলো বাংলাদেশের জন্য যথেষ্ট প্রাসঙ্গিক নাও হতে পারে।বস্তুত এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বিতর্কটা জমাট বাঁধে।মন্দায় রপ্তানিতে আঘাত: বিশ্বমন্দার নেতিবাচক প্রভাব যে বাংলাদেশের রপ্তানিখাতে আঘাত হেনেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই আঘাতের পরও রপ্তানিখাত মোটামুটি ভালোভাবেই দাঁড়িয়ে আছে। এর কারণ হলো, বাংলাদেশ থেকে যা রপ্তানি করা হয়, তার বেশির ভাগই সরাসরি ভোগ্যপণ্য। যেমন তৈরি পোশাক। আয় কমে গেলেও মানুষ পোশাক কেনা বাদ দেবে না। হয়তো কম দামি পোশাকের দিকে ঝুঁকবে। বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা এই প্রবণতাকে কাজে লাগাতে সমর্থ হয়েছেন। আর তাঁরা এ ক্ষেত্রে সমর্থন হিসেবে পেয়েছেন তুলনামূলক সস্তা শ্রম, উন্নত বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ও বিনিময় হারের কিছু সুবিধা।প্রশ্ন হলো, এই অবস্থা ধরে রাখা যাবে কি না। এসকাপের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকট ও ২০০১ সালে মৃদু মন্দার পর রপ্তানি যেভাবে কমেছিল, এবার (২০০৯ সালের প্রথমার্ধে) এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রপ্তানিনির্ভর দেশগুলোর রপ্তানি তার চেয়ে দ্বিগুণ বেশি হারে কমেছে। রপ্তানি কমার পাশাপাশি কমে গেছে আমদানিও। যা থেকে বোঝা যায়, এই অঞ্চলের রপ্তানি অনেকাংশেই আমদানিনির্ভর।বাংলাদেশের সর্বশেষ যে অবস্থা আমরা পাই তাতে দেখা যায়, সামগ্রিক রপ্তানি ২০০৯-১০ অর্থবছরের ১১ মাসে আগের অর্থবছরের চেয়ে প্রায় আড়াই শতাংশ বেড়েছে। কিন্তু ২০০৮-০৯ অর্থবছরের মোট রপ্তানি আয় তার আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১০ শতাংশ হারে বেড়েছিল। এখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় রপ্তানিও আগামী দিনে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে এসকাপ মনে করে, যেসব উন্নত দেশের বাজারের চাহিদা চাঙ্গা হওয়ার ওপর এশিয়ার রপ্তানি বাড়া নির্ভর করছে, সেসব দেশের অনেকেই বাণিজ্য সংরক্ষণনীতির দিকে ঝুঁকছে। ফলে রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি অর্জন অদূর ভবিষ্যতে ব্যাহত হতে পারে বলে একটা শঙ্কাও তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই পরামর্শ এসেছে দেশীয় বা অভ্যন্তরীণ চাহিদা জোরদার করে প্রবৃদ্ধির চাকাকে সচল রাখার ও এগিয়ে নেওয়ার।বস্তুত রপ্তানি নির্ভরতার যে বিপদ আছে তা বিশ্বমন্দার সময় ফুটে উঠেছে। বিশ্ববাজারের গতি-প্রকৃতির ওপর রপ্তানির সাফল্য বহুলাংশে নির্ভরশীল। সেখানে বিশ্ববাজারই যদি সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় তাহলে বিকল্প চিন্তা করার কথা উঠতেই পারে। তার মানে এই নয় যে রপ্তানির দিকে মনোযোগ কমিয়ে দিতে হবে। বাংলাদেশের জন্য সুবিধার জায়গাটি হলো উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের বাইরে বিভিন্ন উদীয়মান বাজারে এখনো সেভাবে প্রবেশের চেষ্টা করা হয়নি। দীর্ঘমেয়াদি বিবেচনায় এসব বাজারমুখী কৌশল নেওয়ার প্রয়োজনীতা এখন অনুভূত হচ্ছে। লাতিন আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, রাশিয়ার মতো দূরের বাজারগুলো ধরার চেষ্টাটা জরুরি। এদিকে চীন এ বছরের ১ জুলাই থেকে বাংলাদেশসহ ৩৩টি স্বল্পোন্নত দেশকে চার হাজার ৭৬২টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। বাংলাদেশের এই সুযোগ কাজে লাগানোর দিকে মনোযোগী হতে হবে।কিন্তু নতুন বাজারে যাওয়ার আগে অভ্যন্তরীণ কিছু সমস্যা সমাধানের বিশেষ তাগিদ অনুভূত হচ্ছে। বিশেষ করে সম্প্রতি সময়ে গ্যাস-বিদ্যুৎ তথা জ্বালানি সংকট এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে নতুন বিনিয়োগ দূরের কথা বিদ্যমান বিনিয়োগ ও উৎপাদন ধরে রাখাই কষ্টকর হচ্ছে। অন্যদিকে তৈরি পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষও তীব্র হয়ে উঠেছে। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে প্রায়ই বড় ধরনের বিক্ষোভ ঘটছে। সরকার অবশ্য চলতি জুলাই মাসের মধ্যেই মজুরি বাড়িয়ে নতুনভাবে মজুরি কাঠামো নির্ধারণের ঘোষণা দিয়েছে। তার মানে যতটা সস্তা শ্রমের ওপর পোশাকশিল্প দাঁড়িয়েছিল, ভবিষ্যতে সেই অবস্থা অপরিবর্তিত থাকবে না। এই অবস্থায় কারিগরি উৎকর্ষতার দিকে মনোযোগী না হলে সার্বিক উৎপাদনশীলতা বাড়ানো কঠিন হবে। সে ক্ষেত্রে রপ্তানি নির্ভরতার ঝুঁকি বাড়বে বৈ কমবে না।অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি: একটি সাধারণ ধারণা হলো, যেহেতু ১৪ কোটি লোকের দেশ, সেহেতু দেশের ভেতরেই বড় একটা বাজার তৈরি করা গেলে শিল্প উৎপাদন প্রবলভাবে রপ্তানিমুখী হবে না। বাস্তবে বিষয়টা অতো সহজ মনে করা যাচ্ছে না। একটু ভিন্নভাবে ব্যাখ্যার চেষ্টা করা যাক। বিশ্বমন্দায় আক্রান্ত হওয়ার উন্নত দেশগুলো যে উদ্দীপনা সঞ্চারণমূলক গুচ্ছ (স্টিমুলাস প্যাকেজ) দিয়েছে, তার মূল লক্ষ্য ছিল অভ্যন্তরীণ ভোগব্যয় ধরে রেখে তা বাড়ানোর মধ্য দিয়ে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বাড়ানো। কিন্তু বাংলাদেশের বিপরীতে বাংলাদেশে যে প্রণোদনা গুচ্ছ (ইনসেনটিভ প্যাকেজ) দেওয়া হয়েছে, তা মূলত শিল্পসহায়ক গুচ্ছ। অর্থাৎ রপ্তানির ক্ষতি পোষাতে ও বাইরের বাজার ধরে রাখতে এই সহায়তা দেওয়া হয়। এখানে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর বিষয়টি গৌণ। যেহেতু রপ্তানি খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু রপ্তানিমুখী শিল্পগুলোকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়ার নীতিটি গুরুত্ব পেয়েছে।সে ক্ষেত্রে প্রশ্ন আসছে, দেশজ চাহিদা বাড়ানোর দিকে কি তাহলে আমরা মনোযোগ দেব না? এসকাপের সমীক্ষা প্রতিবেদনে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি, কৃষি ও পল্লি উন্নয়নে জোর দেওয়া, নতুন পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তির দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়িয়ে আঞ্চলিক চাহিদা বাড়ানোর কথা বলা হয়েছে।একটু পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম চারটি বিষয়ের মধ্যে তিনটিই (তৃতীয়টি বাদে) বাংলাদেশের উন্নয়ননীতিতে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। এখন সেগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা বাস্তবায়নের ফল কী তা বিশ্লেষণসাপেক্ষ। তবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ব্যয় বাড়িয়ে চললে তা যতটুকু না চাহিদা বাড়াবে, তারচেয়ে বেশি হবে সাময়িক স্বস্তি দেওয়া। তা ছাড়া এখন পর্যন্ত এই খাতে বরাদ্দ ও ব্যয় বৃদ্ধির যে প্রবণতা দেখা যায়, তা অস্থায়ীভাবে ঠেকা দেওয়ার নীতিরই প্রতিফলন। সুতরাং, এই নীতিতে পরিবর্তন আনতে হবে।অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ক্ষেত্রে আরেকটি বিষয় দেখতে হয়। সেটি হলো বর্তমান ভোগব্যয় চিত্র। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশই যাচ্ছে ভোগব্যয়ে। তার মানে স্বাভাবিকভাবেই জিডিপির অনুপাতে মোট দেশজ সঞ্চয় অনেক কম, প্রায় ২০ শতাংশ। এখন দেশজ চাহিদা বাড়াতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে মোট বিনিয়োগ জিডিপির ২৪ শতাংশের আশপাশেই ঘোরাফেরা করছে। যেহেতু জাতীয় সঞ্চয় হার জিডিপির প্রায় ২৯ শতাংশ, সেহেতু বলা যেতে পারে যে বিনিয়োগযোগ্য উদ্বৃত্ত সম্পদ আমাদের আছে। সেটাকে কাজে লাগানো যাচ্ছে না। সুতরাং, সামগ্রিক চাহিদা বাড়ানোর জন্য রাষ্ট্রীয়ভাবেই বড় ধরনের বিনিয়োগ করতে হবে। এবং বেসরকারিখাতকেও বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করে দিতে হবে। এখানে আবার আরেকটি সমস্যা আছে। বেসরকারিখাত বিনিয়োগ করবে প্রাপ্তির আশায়। সে ক্ষেত্রে অভ্যন্তরীণ বাজারের চেয়ে বাইরের বাজার বেশি আকর্ষণীয় হলে তারা রপ্তানিমুখী বিনিয়োগের দিকে অগ্রসর হবে। সেটাই যুক্তিসঙ্গত। জোর করে দেশজ বাজারে পণ্য বিক্রি করানো যাবে না।তবে রপ্তানির দিকে বেশি ঝুঁকে পড়লে অনেক সময়ই আবার দেশজ শিল্পের জন্য সমস্যা তৈরি হয়। যেমন গত কয়েক মাসে কাঁচা পাটের রপ্তানি যেভাবে বেড়েছে, তাতে সামনের দিনগুলোয় অনেক স্থানীয় কারখানাই পাটজাত পণ্য তৈরির মৌলিক উপাদান এই কাঁচা পাট ঠিকমতো পাবে না। ফলে যারা পাটজাত পণ্য রপ্তানি করত, কাঁচা পাটের রপ্তানিই একসময় পাটজাত পণ্যের রপ্তানি অনিশ্চিত করে তুলতে পারে। এ ক্ষেত্রে এখনই কৌশলী নীতি গ্রহণ করা দরকার।আবার শিল্পখাতের চেয়ে সেবাখাতের মাধ্যমে স্থানীয় বা দেশজ চাহিদা বাড়িয়ে প্রবৃদ্ধিতে অবদান রাখা তুলনামূলকভাবে সহজ। কারণ, বাংলাদেশের অর্থনীতিতে সেবাখাতের অবদানও দিন দিন বাড়ছে। ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে সেবাখাতের অবদান দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৯০ শতাংশ। আর সেবাধর্মী কর্মকাণ্ডগুলোয় মানুষে প্রত্যক্ষ সম্পৃক্ততা অনেক বেশি।