রপ্তানিমুখী শিল্পের জন্য ইএবির ১০ সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি বাণিজ্যের সমস্যা সমাধানে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্প খাতের জন্য বিশেষ সুবিধা চেয়েছে বাংলাদেশ রপ্তানিকারক সমিতি (ইএবি)। এ লক্ষ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ১০টি প্রস্তাব দিয়েছে ইএবি।ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক চিঠিতে এসব প্রস্তাব দেওয়া হয়। গত মঙ্গলবার চিঠিটি অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বস্ত্রকল মালিক সমিতিসহ (বিটিএমএ) রপ্তানিমুখী শিল্প খাতের পক্ষে এসব প্রস্তাব দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।ইএবি বলেছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা ও ঋণসংকটের এবং দেশের ভেতরে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুৎ-ডিজেল-ফার্নেস তেলের দাম বৃদ্ধির প্রভাবে রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা কমেছে। সে জন্য সরকারের নীতি-সহায়তা প্রয়োজন।ইএবির ১০ প্রস্তাব: তৈরি পোশাক ও বস্ত্র খাতসহ রপ্তানি পণ্যের আয়ের বিপরীতে দশমিক ২৫ শতাংশ উৎসে কর নির্ধারণ করা ও চূড়ান্ত কর-দায় হিসেবে বিবেচনা করার প্রস্তাব করেছে ইএবি। তবে সব পশ্চাৎমুখী সংযোগশিল্পের পণ্যের ক্ষেত্রে বিদ্যমান দশমিক ১৫ শতাংশ আয়কর বহাল রাখা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।সব রপ্তানিমুখী শিল্প খাতের বিপরীতে ব্যাংকের ‘এক ও অভিন্ন’ ডলারের হার প্রবর্তন করার প্রস্তাব করেছে সংগঠনটি। যুক্তি হলো, রপ্তানি বিল নিষ্পত্তিতে একেক ব্যাংক একেক হারে ডলারের হিসাব করে। এতে মতপার্থক্য থাকে এবং ব্যাংকগুলো অতিরিক্ত মুনাফা করে। ইএবি রপ্তানিমুখী শিল্প খাতের নগদ সহায়তা শতভাগ করমুক্ত রাখার প্রস্তাব করেছে। এ ছাড়া রপ্তানি বাণিজ্যে ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ৮ শতাংশে নির্ধারণ ও কেন্দ্রীয় ব্যাংক থেকে পুনরায় অর্থায়ন সুবিধা প্রদান; শিল্পকারখানার ভাড়া মূল্য সংযোজন করের আওতামুক্ত রাখা; এবং রপ্তানিমুখী নতুন শিল্পকারখানা ও বিদ্যমান কারখানার বিএমআরই প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তৈরি পোশাক শিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ সেবা খাত এবং অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করার প্রস্তাব করে সংগঠনটি।ইএবির প্রস্তাবে বলা হয়, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিল থেকে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।রপ্তানিমুখী শিল্পশ্রমিকদের দক্ষতা বাড়াতে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু এবং এ জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করেছে ইএবি।