রপ্তানিমুখী সব খাতে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ

তৈরি পোশাকের মতো বাংলাদেশের অন্যান্য রপ্তানিমুখী খাতেও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদল।
রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দুপুরে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদলটি। সফররত এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নড ল্যাঙজ। প্রতিনিধিদলটি আজ তিন দিনের সফরে ঢাকায় এসেছে।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকার বিষয়ে যেসব অগ্রগতি অর্জন করেছি, তা প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছি। তারা আমাদের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। একই সঙ্গে তারা বলেছে, শুধু পোশাক খাত নিয়ে কাজ করলে হবে না, অন্যান্য রপ্তানিমুখী খাতেও পোশাকশিল্পের মতো উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলকে পোশাক কারখানা নিরীক্ষার জন্য একটি সমন্বিত নীতিমালা করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এমন তথ্য দিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘একেকটি পোশাক কারখানা একসঙ্গে ছয়-সাতটি ব্র্যান্ডের কাজ করে। তবে কোনো নীতিমালা না থাকায় প্রতিবছর ব্র্যান্ডগুলো কারাখানায় নিজেদের মতো করে নিরীক্ষা কার্যক্রম চালায়। এ জন্য কারখানাগুলোর সময় ও অর্থের অপচয় হয়।