রপ্তানিমুখী সব খাতে উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান (বাঁ থেকে চতুর্থ) l প্রথম আলো
রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান (বাঁ থেকে চতুর্থ) l প্রথম আলো

রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। তবে অন্য খাত নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই। এবার রপ্তানিমুখী অন্য খাতে উন্নত কর্মপরিবেশ বা কমপ্লায়েন্স নিশ্চিত করার তাগিদ দিল ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদল।
ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় এসেছে। দলের নেতৃত্ব আছেন সেই কমিটির চেয়ারম্যান বার্নড ল্যাঙজ। রাজধানীর একটি হোটেলে গতকাল দুপুরে পোশাকশিল্পের শ্রমিকদের অধিকার ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের অগ্রগতি নিয়ে প্রতিনিধিদলের সদস্যরা পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর শীর্ষ নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকার বিষয়ে আমাদের অর্জিত অগ্রগতি প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছি। তারা আমাদের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিনিধিদল বলেছে, আমাদের কেবল পোশাক খাত নিয়ে চললে হবে না। অন্য রপ্তানিমুখী খাতগুলোও উন্নত কর্মপরিবেশের আওতায় নিয়ে আসতে হবে, যেন কোথাও কোনো শ্রমিক দুর্ঘটনা না পড়েন।’
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলকে পোশাক কারখানার উন্নত কর্মপরিবেশ নিরীক্ষার জন্য একটি সমন্বিত নীতিমালা করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এমন তথ্য দিয়ে সিদ্দিকুর রহমান বলেন, একেকটি পোশাক কারখানা একসঙ্গে ছয়-সাতটি ক্রেতার কাজ করে। যখন তারা নিরীক্ষা করতে আসে, তখন পুরো এক দিন কারখানার লোকজনকে ব্যস্ত থাকতে হয়। প্রচুর অর্থও অপচয় হয়। তবে নিরীক্ষার জন্য একটি সমন্বিত নীতিমালা থাকলে সময় ও অর্থ অপচয় বন্ধ হবে।
ব্রিফিংয়ে বার্নড ল্যাঙজ বলেন, এটা পরিষ্কার যে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে। তবে মধ্য আয়ের দেশে উন্নীত হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক পরিবর্তন হবে। পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) থাকবে না। তখন সুবিধা পেতে হলে জিএসপি প্লাসের জন্য যোগ্য হতে হবে। সে জন্য শ্রমিক অধিকার, পরিবেশসহ বেশ কিছু বিষয়ে উন্নতি করতে হবে। বাংলাদেশকে এখন থেকেই সেই কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৬০ শতাংশের গন্তব্য ইইউ। আর ইউরোপীয় পার্লামেন্ট ৫০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। এ জন্য বাংলাদেশের সঙ্গে যেকোনো বাণিজ্য চুক্তিতে ইউরোপীয় পার্লামেন্ট দায়বদ্ধ। এমন কথা বলেন বার্নড ল্যাঙজ। তিনি আরও বলেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশ কতটুকু অগ্রগতি করেছে, সেটির বাস্তব চিত্র দেখতে তাঁরা এসেছেন।
বিফ্রিংয়ে ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, এস এম মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।