রপ্তানির অপেক্ষায় আট হাজার কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির কারণে রপ্তানি পণ্য জাহাজীকরণের চাপ পড়ছে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে। ঈদের পর তিন-চার দিন যেসব পণ্য রপ্তানি হবে সেগুলো এখন ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে চট্টগ্রামের ১৮টি ডিপোতে এনে রাখা হয়েছে। কিন্তু ডিপোতে রপ্তানি পণ্যবাহী কনটেইনার এবং কাভার্ড ভ্যানের সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য জাহাজীকরণ নিয়ে উদ্বেগ বাড়ছে পোশাকশিল্প মালিকদের।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের ১ থেকে ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৮টি ডিপোর মধ্যে অন্তত ১০টিতে এখন রপ্তানি পণ্যবাহী কনটেইনার এবং কাভার্ড ভ্যানের জট তৈরি হয়েছে। গতকাল রোববার পর্যন্ত হিসাব অনুযায়ী, এসব ডিপোতে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার পড়ে আছে আট হাজার ৩০৬টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে)। এসব কনটেইনার বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়ার অপেক্ষায় রয়েছে।
এর আগে ডিপোগুলোতে একসঙ্গে চার হাজার একক কনটেইনারের বেশি কখনো পড়ে থাকেনি বলে ডিপোর কর্মকর্তারা জানান। একসঙ্গে এত বেশি রপ্তানি কনটেইনার পড়ে থাকায় নির্ধারিত সময়ে বন্দর দিয়ে জাহাজীকরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, সবচেয়ে বেশি পণ্যবাহী কনটেইনার পড়ে আছে উত্তর পতেঙ্গায় অবস্থিত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের তিনটি ডিপোতে। এসব ডিপোতে রপ্তানি পণ্য বোঝাই করা এক হাজার ৯৪৬ একক কনটেইনার পড়ে আছে। এরপরই এছাক ব্রাদার্স লিমিটেডে পড়ে আছে এক হাজার ২০০ একক কনটেইনার।
এ ছাড়া পতেঙ্গার ইনকনট্রেড ডিপোতে এক হাজার ১২ একক, বিএম কনটেইনার ডিপোতে ৯৬৩টি, পোর্টলিংক লজিস্টিকস ডিপোতে ৭৬০টি এবং গোল্ডেন কনটেইনার ডিপোতে ৫২৬ একক কনটেইনার পড়ে আছে। কনটেইনারে বোঝাইয়ের অপেক্ষায় এসব ডিপোর ভেতরে বাইরে সড়কে পড়ে আছে প্রায় সাড়ে পাঁচ হাজার কাভার্ড ভ্যান।