রপ্তানির ক্ষেত্রে উৎসে কর তারল্যসংকট বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মন্দার কারণে বস্ত্র খাতের রপ্তানি আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে রপ্তানির ক্ষেত্রে ১ দশমিক ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করলে টেক্সটাইল মিলগুলোতে তারল্যসংকট বাড়বে। এর ফলে মিলগুলোর আর্থিক অবস্থা আরও খারাপ এবং স্বাভাবিক আমদানি-রপ্তানি ব্যাহত হবে।এমন আশঙ্কার কথা বলে ২০১২-১৩ অর্থবছরের মূল বাজেটে উৎসে কর কর্তনের প্রস্তাবটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন (বিটিএমএ) নেতারা। একই সঙ্গে তাঁরা নগদ সহায়তার ওপর ৫ শতাংশ হারে আয়কর প্রস্তাবের বিরোধিতা করেন।সমিতির নেতারা বলছেন, উৎসে কর কর্তন টেক্সটাইল মিলের আয়কর নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত নয়। কারণ, টেক্সটাইল খাতের আয়কর প্রজ্ঞাপন (এসআরও নং ২২১) অনুযায়ী ১৫ শতাংশ নির্ধারণ হয়। তাই উৎসে কর নয়, প্রজ্ঞাপন অনুযায়ী আয়কর নেওয়াই যুক্তিযুক্ত। নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এসব কথা বলেন বিটিএমএর নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালক আবদুল মান্নান ভূঁইয়া, জামাল উদ্দিন প্রমুখ। সভাপতি জাহাঙ্গীর আলামিন সামগ্রিক বাজেট নিয়ে বলেন, ‘বিশ্ব পরিস্থিতির আঙ্গিকে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তার অধিকাংশই নেই। তবে বাজেটের কিছু দিক ইতিবাচক।’ প্রস্তাবিত বাজেটে সব রপ্তানির ক্ষেত্রে উৎসে কর বৃদ্ধি, নগদ সহায়তার ওপর কর আরোপ এবং বাজেট ঘাটতির অর্থায়নের জন্য ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার সিদ্ধান্তকে নেতিবাচক বলে মন্তব্য করেন তিনি। আলামিন বলেন, তারল্যসংকট, উচ্চ সুদ ও অবকাঠামোর কারণে দেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ কমেছে। আগামী অর্থবছরেও বিনিয়োগ বাড়ার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। তাই বাজেট বক্তৃতায় বিনিয়োগ বাড়াবে অর্থমন্ত্রীর এমন আশ্বাসের সঙ্গে একমত নয়।বিটিএমএর সভাপতি বলেন, ‘বাজেটে বিকল্প নগদ সহায়তার ওপর ৫ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে। কিন্তু নগদ সহায়তা রপ্তানিকারকদের লভ্যাংশ নয়। তাই এটি মুনাফা হিসেবে গণ্য করা এবং এর ওপর কর ধার্য করা সুবিধাপ্রদানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ তিনি শিগগিরই এই কর প্রত্যাহারের অনুরোধ জানান।জাহাঙ্গীর আলামিন বলেন, ‘গত দুই বছর হঠাৎ করে তুলার দাম অস্বাভাবিক বেড়ে যায়। এতে স্পিনিং মিলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে চলতি বাজেটে বস্ত্র খাতের জন্য ৫ শতাংশ অতিরিক্ত বিশেষ নগদ সহায়তা দেওয়া হয়। কিন্তু প্রজ্ঞাপনের পদ্ধতিগত জটিলতার কারণে মিলগুলো এই সুবিধা পায়নি।’ প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের জন্য ডরমেটরি নির্মাণের জন্য বরাদ্দ রাখার বিষয়ে বিটিএমএর সভাপতি বলেন, ‘এটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু ডরমেটরি কে নির্মাণ করবে বাজেটে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই।’ শিল্পপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে শ্রমিকদের জন্য ডরমেটরি নির্মাণ করলে এই তহবিল থেকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন তিনি। সভাপতি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে পরিবেশ দূষণরোধে ইটিপি স্থাপনে যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত করা হয়েছে। কিন্তু ইটিপির জন্য রাসায়নিক দ্রব্য আমদানিতে ৩ শতাংশ শুল্ক প্রদান করতে হয়। যেহেতু এটি স্থাপনে কোনো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে না এবং পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হয়, তাই রাসায়নিক আমদানি শুল্কমুক্ত রাখা প্রয়োজন।বিটিটিএলএমইএ: নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী উৎসে কর শূন্য দশমিক ৬০ থেকে বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশে উন্নীত করা হলে তা টেরিটাওয়েলসহ দেশের বস্ত্র খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আর নগদ সহায়তার ওপর পাঁচ শতাংশ করারোপের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটিও অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) সম্প্রতি বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে। তবে বাজেটে টেরিটাওয়েল তথা বস্ত্রশিল্পের বিকাশে কিছু প্রশংসনীয় পদক্ষেপও রয়েছে উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে এই ব্যবসায়িক সমিতি।বিটিটিএলএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সংগঠনটি বলেছে, বাংলাদেশের টেরিটাওয়েল খাতে বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশ। কিন্তু বিশ্বব্যাপী তুলার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে গত অর্থবছরে এই খাতের রপ্তানি প্রায় ৪০ শতাংশ কমেছে। এ ছাড়া দেশের ১০৫টি টেরিটাওয়েল কারখানার মধ্যে ৪৮টি বন্ধ হয়ে গেছে।