রপ্তানির চেয়ে শ্রীলঙ্কা থেকে আমদানি বেশি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে। অবশ্য বাংলাদেশি পণ্যের রপ্তানিও বাড়ছে শ্রীলঙ্কায়। তবে যে হারে শ্রীলঙ্কা থেকে আমদানি বাড়ছে, দেশটিতে রপ্তানি বাড়ছে তার চেয়ে কম হারে। সব মিলিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবধান বর্তমানে শ্রীলঙ্কার পক্ষে।

আর এই বাস্তবতায় শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের প্রক্রিয়া চলছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত জুলাইয়ে যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠিত বৈঠকে এফটিএ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ হচ্ছে, এফটিএ হলে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ওষুধ, কাগজ ও সিমেন্ট রপ্তানি বাড়বে। এখনো এসব পণ্য রপ্তানি হয়, কিন্তু শুল্ক দিতে হয় বেশি। এফটিএ হলে শুল্ক কমবে বলেই শ্রীলঙ্কায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ করার সুবিধা-অসুবিধা নিয়ে আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে কথা বলতে বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যসচিব শুভাশীষ বসু, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।

ইপিবির তথ্যে দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরে শ্রীলঙ্কায় বাংলাদেশ রপ্তানি করেছিল ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলারের পণ্য। আর ওই বছর দেশটি থেকে আমদানি করা হয়েছিল ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। বাংলাদেশের জন্য ইতিবাচক এ বাণিজ্য ব্যবধান বজায় থাকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত। চার বছরে উভয় দেশের বাণিজ্যই প্রায় দ্বিগুণ হয়।

কিন্তু বাণিজ্যের ব্যবধান শ্রীলঙ্কার পক্ষে চলে যায় ২০১২-১৩ অর্থবছর থেকে। বাংলাদেশ ওই বছর শ্রীলঙ্কায় রপ্তানি করে ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলারের পণ্য, আর দেশটি থেকে আমদানি করে ৩ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি হয় ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলারের পণ্য আর একই অর্থবছরে দেশটি থেকে আমদানি হয় ৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য।

বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় প্রধানত রপ্তানি হয় ওষুধ, ব্যাটারি, আলু, তৈরি পোশাক, হালকা প্রকৌশল, হোম টেক্সটাইল, টেরি টাওয়েল ও পাটপণ্য। অন্যদিকে দেশটি থেকে আমদানি করা হয় বস্ত্র, খনিজ পণ্য, প্লাস্টিক, রাবার ইত্যাদি পণ্য।

জানা গেছে, এফটিএ নিয়ে দুই দেশেরই কারিগরি কমিটি কাজ করছে। শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করতে পারলে আমদানি-রপ্তানিতে বাংলাদেশ ৩ থেকে ৪ দিনের সাশ্রয় পাবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার সঙ্গে প্রায় এক যুগ ধরেই এফটিএ করার কথা হচ্ছে। আগে আগ্রহ দেখালেও মাঝখানে পিছিয়ে যায় শ্রীলঙ্কা। এরপর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রক্রিয়া চলতে থাকে। এ বছর থেকে আবার এফটিএর আলোচনা জোরদার হয়। শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ হলে এটিই হবে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম এফটিএ।