রপ্তানির জন্য সবচেয়ে বড় জাহাজ তৈরি করেছে ওয়েস্টার্ন মেরিন
দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড জার্মানিতে রপ্তানির জন্য নির্মিত পাঁচ হাজার ২০০ টন ওজনের জাহাজ ‘ইএমএস সি’ গত ২৬ জুলাই সফলভাবে পানিতে ভাসিয়েছে। এ জাহাজটি বহুমুখী ব্যবহারের ক্ষমতাসম্পন্ন।১০০ মিটার দৈর্ঘ্যের ইএমএস সি বাংলাদেশি কোনো জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের এ পর্যন্ত তৈরি জাহাজের মধ্যে সবচেয়ে বড়। অন্যদিকে ইএমএস সি জাহাজের মতো আরেকটি জাহাজ ইএমএস রিভারও গত বুধবার পানিতে ভাসানো হয়েছে।চট্টগ্রামের পটিয়া উপজেলায় কোলাগাঁওয়ে অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজ দুটি পানিতে ভাসানো হয়।এ অনুষ্ঠানে জার্মানির গ্রোনা শিপিংয়ের ফ্লিট ম্যানেজার মারকু ভেড্ডার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন, ইস্ট উইন্ডের হেনস উলরিকসহ বিদেশি ব্যবসায়ী এবং ক্লাসিফিকেশন সোসাইটি জার্মানিশিয়র লয়েডের সদস্যরা উপস্থিত ছিলেন।ইতিপূর্বে ২০০৮ সালে জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছ থেকে এ ধরনের ১২টি জাহাজ নির্মাণের কার্যাদেশ পায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ২০১২ সালের মধ্যে এসব জাহাজ হস্তান্তরের কথা রয়েছে। জার্মানিশিয়র লয়েডের মান অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মীয়মাণ এই ১২টি জাহাজ আটলান্টিক ও বাল্টিক সাগরের প্রতিকূল আবহাওয়া এবং তাপমাত্রায় স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। বর্তমানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জার্মানি, ডেনমার্ক, পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে জাহাজ নির্মাণের জন্য কার্যাদেশ পাচ্ছে। ফলে বাংলাদেশ মাঝারি এবং ছোট জাহাজ নির্মাণের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে। বিজ্ঞপ্তি।