রপ্তানির মূলধারায় আসছে সৈয়দপুরের পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের ক্ষুদ্র তৈরি পোশাক কারখানাগুলোকে রপ্তানি খাতের মূলধারায় নেওয়া হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ সম্প্রতি সৈয়দপুরে এ কথা বলেন। ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, এখানে সম্পূর্ণ অপ্রচলিত কাঁচামাল অর্থাৎ ঝুট কাপড় দিয়ে গার্মেন্টস বা পোশাকপণ্য তৈরি হচ্ছে। যা ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি হচ্ছে। তিনি প্রথম আলোকে জানান, রপ্তানি খাতের মূলধারায় অন্তর্ভুক্ত হতে হলে সৈয়দপুরের পোশাকশিল্প মালিকদের ট্রেড অর্গানাইজেশন বা টিও লাইসেন্স নিতে হবে। জালাল আহমেদ সৈয়দপুরে বেশ কটি গার্মেন্টস কারখানা ঘুরে দেখেন। এ সময় সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব তাঁর সঙ্গে ছিলেন। ইপিবির ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানান সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ঊর্ধ্বতন সহসভাপতি আরশাদ পাপ্পু প্রমুখ।