রপ্তানির লক্ষ্য অর্জনে গুরুত্ব দিতে হবে চট্টগ্রামকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্পোদ্যোক্তা ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামের নানা প্রান্তে জায়গা বাছাই করে বেশ কয়েকটি পোশাকপল্লি নির্মাণ, বড় শিল্পগোষ্ঠীগুলোর অব্যবহৃত জায়গায় পোশাক কারখানা নির্মাণের উদ্যোগ, বিকল্প জ্বালানির ব্যবস্থা ও বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন তাঁরা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘পোশাকশিল্পে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্য অর্জন: চট্টগ্রাম মিশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই তাগিদ দেন তাঁরা। বিজিএমইএ ও চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পোশাকশিল্প মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিভিন্ন স্থানে জায়গা বাছাই করেন। সরকার ও বেসরকারি উদ্যোক্তা—দুই পক্ষই যাতে লাভবান হয় সেভাবেই পোশাকপল্লি স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘চট্টগ্রামকে গুরুত্ব না দিলে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি কিংবা ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা—কোনোটাই হবে না।’ তিনি তাঁর প্রবন্ধে চট্টগ্রামকে আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে পরিণত করার পথে বন্দরের সক্ষমতা স্থির হয়ে থাকা, জমির অভাব, শহরের গুণগতমানের অবনতি, জ্বালানি-সংকট, অবহেলার কারণে চট্টগ্রামের ভাবমূর্তির অবনতি, নতুন উদ্যোক্তাদের গ্রহণ করে নেওয়ার মানসিকতার অভাব—এ ছয়টি প্রতিবন্ধকতা তুলে ধরেন। এ জন্য তিনি পাঁচটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন। এই পাঁচটি বিষয় হলো—পোশাকপল্লি নির্মাণ, গ্যাস-সংকটের কথা মাথায় রেখে বিকল্প জ্বালানির সন্ধান, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে পদক্ষেপ, বন্দরের সক্ষমতা বাড়ানো এবং সব খাতের সমন্বয়ে বিশেষ উদ্যোগ নিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ইদানীং পায়রা ও মাতারবাড়িতে বন্দর নিয়ে কথা হচ্ছে। সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর প্রকল্পও পেছনে পড়ে গেছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পায়রা বন্দর শুধু দক্ষিণাঞ্চলে সেবা দিতে পারবে। বন্দরের জন্য যেসব সংযুক্ত অবকাঠামো দরকার সেগুলোর সবই চট্টগ্রামে আছে। পায়রাতে গড়তে হলে বহু সময় লাগবে। তাই দেশের মঙ্গলের জন্য এ মুহূর্তে চট্টগ্রামে বেশি মনোযোগ দেওয়া দরকার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম বলেন, চট্টগ্রামের পোশাকশিল্পের ব্যবসায়ীদের জন্য এ মুহূর্তে সম্ভাব্য সমাধান হতে পারে এই খাতে সক্ষমতা বাড়ানো এবং বিকল্প জ্বালানির চিন্তা করা। গ্যাসের বিকল্প জ্বালানি কী হতে পারে তা নিয়েই এখন সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হওয়া দরকার।
সাবেক বিদ্যুৎ ও জ্বালানিসচিব ফাওজুল কবির খান বলেন, জমি কেনা থেকে শুরু করে কারখানা নির্মাণ পর্যন্ত সবকিছুই শিল্পোদ্যোক্তারা করবেন—এই ধারণা এখন পাল্টে যাচ্ছে। এখন কেউ ভূমিসহ অবকাঠামো উন্নয়ন করবেন। কেউ সেই অবকাঠামোতে শিল্পকারখানা গড়বেন। এভাবেই নতুন কারখানা করা উচিত।
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব বলেন, অনেকে শিল্পকারখানা করার জমি পাচ্ছেন না। অথচ ব্যাংক থেকে ঋণ নিয়ে চট্টগ্রামের বড় শিল্পগোষ্ঠীগুলো কারখানা নির্মাণের উপযোগী জমি কিনে রেখেছেন। এখন তাঁরা ব্যাংকের দেনায় জর্জরিত।
আলোচনায় আরও অংশ নেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ, এম এ ছালাম ও নাসির উদ্দিন চৌধুরী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।