রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
বিদায়ী ২০১১-১২ অর্থবছরে পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। অর্থবছর শেষে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৫ দশমিক ৯৩ শতাংশ। ফলে বছর শেষে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৩৫ শতাংশ কম হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তথ্যানুযায়ী, গত অর্থবছরে বার্ষিক রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল দুই হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। শেষ পর্যন্ত আয় হয়েছে দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২২১ কোটি ২৩ লাখ ডলার কম। অন্যদিকে গত জুন মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। এ নিয়ে টানা চার মাস অর্থাৎ গত মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক। জুনে রপ্তানি আয় হয় ২৩১ কোটি ১২ লাখ ডলার। আলোচ্য সময়ে নিট পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, টেরিটাওয়েল, কার্পেট, হোম টেক্সটাইল, পাদুকা, ইস্পাত, জাহাজ, কাঠ ও কাঠজাত পণ্য, হিমায়িত খাদ্য, শাকসবজি, তামাক, রাবার, রাসায়নিক সার, সিরামিকসহ বেশ কিছু প্রধান পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি।ইপিবির তথ্য অনুসারে, গত অর্থবছর ওভেন পোশাক খাত থেকে সবচেয়ে বেশি ৯৬০ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪৫ শতাংশ বেশি। কিন্তু তার আগের অর্থবছর থেকে তা ১৩ দশমিক ৮৯ শতাংশ বেশি। অন্যদিকে নিট পোশাক খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৪৮ কোটি ডলার আয় হয়েছে। এটি আগের অর্থবছর থেকে দশমিক শূন্য ৫ শতাংশ বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ১৬ শতাংশ কম। এ ছাড়া আলোচ্য ২০১১-১২ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য থেকে ৯৬ কোটি ৭৩ লাখ ডলার, হোম টেক্সটাইল থেকে ৯০ কোটি, হিমায়িত খাদ্য থেকে ৫৯ কোটি ৮৪ লাখ, পাদুকা থেকে ৩৩ কোটি ৫৫ লাখ, চামড়া থেকে ৩৩ কোটি, রাসায়নিক পণ্য থেকে ১০ কোটি, প্লাস্টিক পণ্য থেকে আট কোটি ৮৬ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে।