
চলতি ২০১৩-১৪ অর্থবছরের জন্য তিন হাজার ৫০ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বার্ষিক রপ্তানি প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ।
সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল বুধবার বৈঠক করে এ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।
বাণিজ্যসচিব বলেন, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও বাড়বে। এ সরকারের আমলে বিগত বছরগুলোতেও রপ্তানি বেড়েছে। ভবিষ্যতেও যেন প্রবৃদ্ধি বৃদ্ধির হার অব্যাহত থাকে, সে জন্য রপ্তানিকারকদের সহযোগিতা চান তাঁরা। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের চার অতিরিক্ত সচিব রুহুল আমীন সরকার, মনোজ কুমার রায়, এস এম শওকত আলী ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু ছাড়াও অর্থ, পররাষ্ট্র, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিকেএমইএ, চামড়াজাতপণ্য শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গেল অর্থবছরে (২০১১-১২) রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ২৮০ কোটি ডলার। আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১১ দশমিক ১৮ শতাংশ। অবশ্য বছর শেষে পণ্য রপ্তানি-আয় দাঁড়ায় দুই হাজার ৭০১ কোটি ৮২ লাখ ডলারে। প্রবৃদ্ধির হার ছিল ১১ দশমিক ১৮ শতাংশ। মন্ত্রণালয় বলছে, এ বছর রপ্তাণি বাণিজ্যে তৈরি পোশাক, ওভেন, নিট, কৃষিপণ্য, চামড়া, চিংড়ি, পাট ও পাটজাত পণ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, চলতি অর্থবছরের জন্য ওভেন পোশাক খাতের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এক হাজার ২৪৭ কোটি ৮১ লাখ ডলার। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১২১ কোটি ৫৪ লাখ ডলার। সবজি রপ্তানিতে এ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ১২ কোটি ৮৮ লাখ আর ফলের লক্ষ্যমাত্রা নয় কোটি ৩৫ লাখ ডলার ধরা হয়েছে। কম্পিউটার সেবা খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ডলার।