রপ্তানির স্বার্থে কমার্শিয়াল কাউন্সিলরদের কর্মপরিধি বাড়বে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরদের কর্মপরিধি ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এমসিসিআই) জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার মেট্রো চেম্বারের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। মেট্রো চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমানের নেতৃত্বে সহসভাপতি আনিস এ খান, সদস্য আনিস উদ দৌলা, হাবিবুল্লাহ এন করিম, গোলাম মাঈন উদ্দিন, কামরান টি রহমান, মামুন রশিদ, চেম্বার মহাসচিব ফারুক আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সময়োপযোগী চা শিল্পনীতি তৈরি, তথ্যপ্রযুক্তির উন্নয়নে হাইটেক পার্ক নির্মাণ, পাটজাত পণ্যের ব্যবহারবৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোর উন্নয়ন, রপ্তানিপণ্যের মান নির্ণয়ে উন্নত পরীক্ষাপদ্ধতি প্রবর্তনে বাণিজ্যমন্ত্রীর কাছে দাবি জানায় মেট্রো চেম্বার।
এদিকে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গেও গতকাল মতবিনিময় সভা করে মেট্রো চেম্বার। ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচি পালনে জনমত সৃষ্টির জন্য মেট্রো চেম্বারকে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রীর কাছে দেশে শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে সাপ্তাহিক ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচি পালনের নিয়ম চালু এবং সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের দাবি জানায় সংগঠনটি।